জামায়াতের বিচার শুরু করুন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মানবতাবিরোধী কর্মকাণ্ড পরিচালনার দায়ে সংগঠন হিসাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি এ আহ্বান জানান। মেনন বলেন, সর্বোচ্চ আদালতে কাদের মোল্লার ফাঁসির রায় হওয়ায় জাতি হিসাবে আমরা খুশী হয়েছি। গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়ার পর আমি সংসদে জাতির মতো ক্ষোভ প্রকাশ করে আপিলের আবেদন জানিয়েছিলাম। শাহবাগের গণজাগরণ মঞ্চের দাবির সাথে একমত প্রকাশ করেছিলাম। তিনি বলেন, সেদিন জাতীয় সংসদ আমার বক্তব্যের সাথে একমত পোষণ করে আপিলের জন্য আইন সংশোধন করেছিল। কাদের মোল্লার ফাঁসির রায়ের মধ্যদিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।