কুমিল্লা

প্রতিবিম্ব থিয়েটারের রজত জয়ন্তী পালন

সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় নাট্য চর্চার কোনো বিকল্প নেই। নাট্যচর্চার মাধ্যমে সংস্কৃতির বিকাশ ঘটে। স্বদেশি সংস্কৃতি চর্চার অন্যতম একটি মাধ্যম হচ্ছে নাটক। নাটকের মাধ্যমে সমাজের সকল ধরনের অসঙ্গতি তুলে ধরা যায়। কুমিল্লায় অনেক গুণী নাট্যকার রয়েছেন। বর্তমানে যেসব নাট্যচর্চা হচ্ছে এগুলো তাদের কর্মের ফসল। বর্ণাঢ্য আয়োজনে গত শুক্রবার শিক্ষা-সংস্কৃতির পাদপীঠখ্যাত কুমিল্লার প্রতিবিম্ব থিয়েটারের ৩ দিনব্যাপী রজত জয়ন্তী ও দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আকম বাহাউদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. কুন্তল বড়ুয়া, বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সভাপতি মু. সাইফুল ইসলাম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক চন্দন রেজা, প্রশিক্ষক সম্পাদক রফিক উল্লাহ সেলিম প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিবিম্ব থিয়েটারের পরিবেশনায় জহির রায়হানের ‘সময়ের প্রয়োজনে’ নাটকটি প্রদর্শিত হয়। নাটকটির নাট্যরূপ দেন মোহাম্মদ বারী এবং নির্দেশনায় ছিলেন শাহজাহান চৌধুরী।