ঈদে আসছে রিজভীর ‘শীতল মায়া’

খুব অল্প সময়ে অল্প কিছু গান নিয়েই নিজের মেধা আর প্রচেষ্টায় আলোচনায় এসেছেন তরুণ কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদ। একাধিক টিভি ও মিডিয়া টপচার্টে তার গান ছিল শীর্ষস্থানে। কলকাতার শুভমিতার সাথে তার গান আলোচনায় এসেছে নিজস্ব গায়কী আর ভিডিও তৈরির মুন্সিয়ানায়। এ ছাড়া আরও একটি বিষয় খুব জোরালোভাবেই রিজভী করার চেষ্টা করেছেন তা হলো নান্দনিক ভিডিও। এ ক্ষেত্রে রিজভীর কথায়, ‘আমি একেকটি গানকে একেকটি চলচ্চিত্রের সাথে তুলনা করি। এ কারণে নতুন একক অ্যালবামে হাত দেওয়ার আগে নিজের প্রথম এককের ভালো কিছু গানকে শ্রোতাদর্শকদের আরও কাছাকাছি নিয়ে যেতে চাই। সারা বিশ্বেই কিন্তু এই প্রবণতা চলছে। তারা প্রতিটি গানকে আলাদা প্রোডাক্ট হিসেবেই তুলনা করে। আল্লাহর রহমতে আমার প্রতিটি গানের ভিডিও রেসপন্স এতটা পেয়েছি যে শ্রোতাদর্শকদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই।’ তাই সেই ধারাবাহিকতায় রিজভী ওয়াহিদের ‘শীতল মায়া’ শিরোনামের গান মুক্তি দিচ্ছে ঈদুল আজহা উপলক্ষে। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর-সংগীত করেছেন ইবরার টিপু। দেশের অধিকাংশ স্যাটেলাইট চ্যানেলে এই ভিডিও চলবে। একই সাথে নিজের এই গানটি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানেও ক্যাম্পেইন চালাবেন। নান্দনিক এই ভিডিওটি তৈরি করেছেন তরুণ নির্মাতা শুভব্রত সরকার।