টিসা-নিলয়ের ‘প্রথম প্রেম’
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩৮
ঈদের আগেই শুধু নয়। শহরজুড়ে বিভিন্ন শুটিং হাউজে হরহামেশায় বিভিন্ন ধারার নাটকের শুটিং হয়। জয়শ্রী ভট্টাচার্য ও লিটু সাখাওয়াতের যৌথ রচনায় ধারাবাহিকটি পরিচালনা করছেন শাহীন সরকার। এটি এই পরিচালকের প্রথম ধারাবাহিক নাটক। পারিবারিক টানাপোড়নের গল্প নিয়ে নাটকটির কাহিনী এগিয়ে যায়। গল্পে দেখা যাবে, চৌধুরী ভিলাতে প্রচণ্ড ব্যস্ততা। কারণ বাড়ির একমাত্র মেয়ে তিতলির আজ ১৮ বছর পূর্ণ হচ্ছে। আয়োজনের কোনো ত্রুটি নেই। মাজার থেকে বাড়ি ফিরেই চৌধুরী গিন্নি নীলা চৌধুরী মেয়েকে নিজের আলমারি খুলে দিলেন পছন্দসই গয়না বেছে নিতে। কিন্তু আশার চাই অন্য উপহার। মায়ের অনেক অনুরোধের পর সে জানায় সন্ধ্যাবেলায় সকলের উপস্থিতিতে সে মা-বাবার কাছ থেকে চেয়ে নেবে উপহার। অন্যদিকে তখন তিতলির বন্ধুমহলে নানান কল্পনা চলছে। তিতলির বন্ধু লাবণ্যর মনে প্রচণ্ড আনন্দ। কারণ তার ভাই শেখর মনে মনে তিতলিকে ভালোবাসে। এদিকে এলাকার বইয়ের দোকানের মালিকের ছেলে শুভ মনে মনে ভালোবাসে তিতলিকে। উল্লেখ্য, এরইমধ্যে নাটকের বেশকিছু পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় করেছেন—আজিজুল হাকিম, নুসরাত ইয়াসমীন টিসা, তাজিন আহমেদ, নিলয়, শশী, ডলি আহসান, লুত্ফর রহমান জর্জ, ঝুনা চৌধুরী, কাজী রাজু, মোহাম্মদ বারীসহ আরও অনেকে।