বলিউড

বলিউডে ব্যস্ত ইলিয়ানা

বলিউডে দক্ষিণী সিনেমার শীর্ষ নায়িকা ইলিয়ানা ডি ক্রুজের পদচারণার শুরু ছিল গত বছর। তার অভিনীত প্রথম বলিউডি ছবি ‘বারফি’ বছরের অন্যতম সেরা ব্যবসাসফল ছবি হিসেবে বিবেচিত হয়েছে। অনেকগুলো ক্যাটাগরিতে পুরস্কারও পেয়েছে। ইলিয়ানাও ‘বারফি’ ছবিতে অভিনয়ের জন্য বছরের সেরা সম্ভাবনাময় নতুন মুখের অভিনেত্রী বিবেচিত হয়েছেন। বেশ অনেকগুলো মর্যাদাপূর্ণ পুরস্কার তার ঝুলিকে পূর্ণ করেছে ইতোমধ্যে। তামিল তেলেগু সিনেমার পাশাপাশি বলিউডের হিন্দি সিনেমায় আজকাল নিজেকে ব্যস্ত করে তুলেছেন ইলিয়ানা। আগামীকাল মুক্তি পাচ্ছে তার আরেকটি নতুন হিন্দি সিনেমা। কাজ করছেন বেশ অনেকগুলো বলিউডি সিনেমায়। বলিউডে ইলিয়ানার সাম্প্রতিক ব্যস্ততা এবং এখানে ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন ‘বারফি’ ছবিতে রণবীর কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ায় অনেকেই ইলিয়ানাকে নানাভাবে প্ররোচিত করেছিলেন ছবিটি না করার জন্য। কারণ রণবীর ও প্রিয়াঙ্কার পাশে তার তেমন গুরুত্ব থাকবে না, কোনো পাত্তা পাবেন না দক্ষিণী সিনেমার শীর্ষ জনপ্রিয় এই অভিনেত্রী। কিন্তু সবার ধারণা মিথ্যে প্রমাণ করেছিলেন ইলিয়ানা। ‘বারফি’ ছবিতে রণবীর-প্রিয়াঙ্কার শক্তিশালী অভিনয়ের পাশে সমান তালে অভিনয় করে গেছেন তিনি। নিজের ঔজ্জ্বল্য ফুটিয়ে তুলেছেন চমত্কার সাবলীল, অভিনয়ের মাধ্যমে। তার অপূর্ব সৌন্দর্য, স্নিগ্ধরূপময় ব্যক্তিত্ব, মেধাদীপ্ত গ্ল্যামারাস পর্দা উপস্থিতি সবই দর্শকদের ভীষণভাবে আলোড়িত করেছে। দর্শক-সমালোচকদের উচ্ছ্বসিত প্রশংসায় সিক্ত হয়েছেন ইলিয়ানা বছরের সেরা নতুন মুখের অভিনেত্রী হিসেবে মর্যাদাপূর্ণ নানা পুরস্কার নিজের ঝুলিতে পুরে। বলিউডে নতুন হলেও দক্ষিণী সিনেমায় গত কয়েক বছর ধরে বেশ অনেকগুলো ব্যবসা সফল তামিল তেলেগু ছবিতে অভিনয়ের সুবাদে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার পুরোটাই কাজ লাগিয়েছেন ‘বরফি’ ছবিতে, যার সুফল তিনি পেয়ে গেছেন হাতে হাতে। আরও কয়েক বছর আগেই হিন্দি ছবিতে অভিনয়ের অফার পেয়েছিলেন ইলিয়ানা। সালমান খানের বিপরীতে ‘ওয়ান্টেড’ ছবিতে তাকে নিতে চেয়েছিলেন পরিচালক প্রভুদেবা। এর মূল দক্ষিণী ছবি ‘পোখি রি’র নায়িকা ছিলেন ইলিয়ানা। ওই ছবির হিন্দি রিমেকে তাকে নায়িকা রাখতে চাইলেও সেদিন সোজা ‘না’ বলে দিয়েছিলেন ইলিয়ানা। সালমান খানের বিপরীতে নায়িকা হওয়ার জন্য যেখানে বলিউডের অনেক প্রথম সারির অভিনেত্রী লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন সেখানে ইলিয়ানা তেমনে সুযোগ অবলীলায় ফিরিয়ে দিতে পেরেছিলেন। ‘ওয়ান্টেড’ ছবিতে নিজেকে তেমনভাবে গুরুত্বপূর্ণ করে তুলতে পারবেন না ভেবেই সেদিন তিনি এ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তার জায়গায় সালমান খানের বিপরীতে নায়িকা হয়েছিলেন আয়েশা। একটি ছবির অপেক্ষায় ছিলেন ইলিয়ানা। ‘বরফি’ ছবিটিকে যথার্থ সুযোগ মনে করে তিনি ভুল করেননি। এ ছবিটি তাকে অনেক দিয়েছে। এখন হিন্দি সিনেমার দর্শক তাকে খুব ভালোভাবেই চেনে। ২৫ বছর বয়সী ইলিয়ানা ডি ক্রুজ দক্ষিণী চিত্রজগতে খ্যাতি জনপ্রিয়তা প্রতিষ্ঠার শীর্ষে পৌঁছুলেও তিনি মুম্বাইয়ের মেয়ে। এখানে তার জন্ম, তবে বড় হয়েছেন গোয়ায়। তার মা কাজ করতেন একটি বড় হোটেলে। মেয়ে একটু বড় হলে তাকে মডেলিংয়ে নিয়ে আসতে উঠে পড়ে লেগেছিলেন মা। বেশ অনেকগুলো উল্লেখযোগ্য অ্যাডে মডেল হয়ে চমক সৃষ্টি করেছিলেন ইলিয়ানা। তখন দক্ষিণী সিনেমায় নায়িকা হওয়ার ডাক পেলে তাতে সাড়া দেন কৈশোর পেরোনো ইলিয়ানা। ওখানকার ছবিতে অভিনয় তার জন্য বেশ কঠিন ছিল ভাষা ও সংস্কৃতির কারণে। কিন্তু ধীরে ধীরে সব সামলে নেন। এজন্য তাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। দক্ষিণী মেয়ে না হয়েও ওখানকার সিনেমায় নায়িকা হিসেবে নিজেকে গ্রহণযোগ্য করে তোলার ক্ষেত্রে কিছুদিনের মধ্যে সাফল্যের বড় চমক দেখান ইলিয়ানা। ২০০৬-এ তেলেগু ছবি ‘দেবদাসু’তে অভিনয়ের জন্য বছরের সেরা সম্ভাবনাময় নতুন মুখের অভিনেত্রী হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন। এই বছরে তার অভিনীত পোখিরি’ ছবিটি ব্লকবাস্টার সাফল্য পায়। এরপর ২০০৮-এ ‘জলসা’, ২০০৯-এ ‘কিক’, ২০১২-এ ‘জুলায়ি’র মতো বক্স অফিস কাঁপানো সুপারডুপার হিট ছবিগুলোতে তাকে দেখা গেছে। এভাবেই তিনি দক্ষিণী সিনেমা শীর্ষক নায়িকায় পরিণত হয়েছেন। গ্রিক পুরান থেকে ইলিয়ানা নামটি নিয়েছিলেন তার বাবা-মা। যার অর্থ হলো হেলেন অব ট্রয়। ট্রয় নগরী ধ্বংস হয়ে গিয়েছিল সুন্দরী আবেদনময়ী হেলেনের জন্য। ইলিয়ান এখন লক্ষ কোটি হূদয়ে ঝড় তুলেছেন। বলিউডে একটি ছবিতে অভিনয় করেই বাজিমাত করেছেন। আগামী ২০ সেপ্টেম্বর আসছে ইলিয়ানা অভিনীত নতুন হিন্দি ছবি ‘ফাটা পোস্টার নিকালা হিরো’। এ ছবিতে শহীদ কাপুরের বিপরীতে তাকে দেখা যাবে। ছবিটির গল্পে—শহীদ কাপুর একজন উঠতি অভিনেতা। অভিনয়ের প্রয়োজনে পুলিশ সাজলে আশপাশের সবাই তাকে সত্যিকার পুলিশ অফিসার মনে করতে থাকে। ঘটতে থাকে মজার মজার সব ঘটনা। অ্যকাশন কমেডি ধাঁচের এ ছবিতে শহীদ কাপুরের প্রেমিকা চরিত্রে অভিনয় করেছে ইলিয়ানা। এখানে তার অভিনীত চরিত্রের নাম কাজল। উচ্ছল প্রাণচঞ্চল টাইপের একটি মেয়ের চরিত্রে অভিনয় করে বেশ মজা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ইলিয়ানা বলেন, ‘বারফির’ পর আমি ট্র্যাক বদল করতে চেয়েছিলাম, ‘ফাটা পোস্টার নিকালা হিরো’ একটি চমত্কার মজার কমেডি ছবি। আমি আর শহীদ কাপুর অনেক ফান করেছি। অভিনয়ের বৈচিত্র্য আমাকে আনন্দ দিয়েছে। শহীদ কাপুরের সঙ্গে আমার কেমিস্ট্রিও দর্শক বেশ উপভোগ করবে।’ প্রথমে এ ছবিতে শহীদ কাপুরের বিপরীতে ডায়ানা পেন্টির অভিনয়ের কথা ছিল। পরবর্তীতে ইলিয়ানাকে নেওয়া হয় তার জায়গায়। এ ছবিতে নিজেকে পুরোপুরি বিনোদনমূলক ছবির নায়িকা হিসেবে তুলে ধরেছেন তিনি। তার প্রত্যাশা দর্শক ‘ফাটা পোস্টার নিকালা হিরো’ ছবিতে সাদরেই গ্রহণ করবে তাকে। বর্তমানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছেন ইলিয়ানা ডি ক্রুজ। এর মধ্যে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘ম্যায় তেরা হিরো’ ছবিটি অন্যতম। এখানে নতুন প্রজন্মের নায়ক বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করছেন তিনি। এ ছবিতে আরও আছেন নার্গিস ফখরি, সোনম কাপুর ও ইভিলিন শর্মা। সাইফ আলি খানের নিজস্ব প্রযোজনার ছবি ‘হ্যাপি এন্ডিং’-এ তার বিপরীতে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করছেন ইলিয়ানা। এ ছবিতে ছোট্ট একটি চরিত্রে সাইফ পত্নী কারিনা কাপুর খানও আছেন। এ ছাড়াও অক্ষয় কুমারের বিপরীতে ‘গব্বর’ ছবিতে অভিনয় করছেন ইলিয়ানা ডি ক্রুজ। একটি সুপারহিট তেলেগু ছবির হিন্দি রিমেক ‘গব্বর’ প্রযোজনা করছেন সঞ্জয়লীলা বানসালি। ওদিকে প্রখ্যাত চিত্রনির্মাতা সুরুজ বরজাতিয়ার আগামী ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ইলিয়ানা। দীর্ঘ ৮ বছর পর সুরুজ বরজাতিয়া আবার ছবি পরিচালনা করতে যাচ্ছেন। সালমান খানকে নিয়ে তিনি এর আগে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হ্যাম আপ কে হ্যায় কৌন’ ও ‘হাম সাথ সাথ হ্যায়’-এর মতো তিনটি ব্লক বাস্টার মুভি তৈরি করেছেন। তার নতুন ছবিতে সালমানের নায়িকা কে হচ্ছেন তা নিয়ে বলিউডে অনেক জল্পনাকল্পনা চলেছে এতদিন। অনেক আলোাচিত অভিনেত্রীরে নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ইলিয়ানাকে কাস্ট করা হয়েছে এ ছবিতে। ‘ওয়ান্টেড’-এ সালমানের নায়িকা হওয়ার সুযোগ বেশ কয়েক বছর আগে স্বেচ্ছায় ফিরিয়ে দিয়েছিলেন তিনি, এবার সুরুজ বরজাতিয়ার নতুন ছবিতে সালমানের নায়িকা হয়ে ইলিয়ানা তার বর্তমান উজ্জ্বল অবস্থানের প্রমাণ দিয়েছেন।