স্যাটেলাইট

কমলার জীবনযুদ্ধের গল্প

জিটিভিতে হালে শুরু হয়েছে নতুন হিন্দি সিরিয়াল ‘এক মুঠঠি আসমান।’ ফ্যামিলি ড্রামা হলেও সিরিয়ালটির গল্পে নতুনত্বের প্রকাশ রয়েছে। গৃহকর্মী হিসেবে নিয়োজিত এক নারী কমলা বাইয়ের প্রাত্যহিক জীবনের বাস্তব গল্প তুলে ধরা হয়েছে এখানে। কমলা বাই চরিত্রে অভিনয়ের মাধ্যমে দীর্ঘ ১৩ বছর বিরতির পর আবার অভিনয়ে ফিরে এসেছেন এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী শিল্পা শারদগার। ফলে সিরিয়ালটি অনেক দর্শকের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। নতুন হিন্দি সিরিয়াল ‘এক মুঠঠি আসমান’-এর নানা বিষয় নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন হিন্দি সিরিয়ালের দর্শকরা এতদিন পারিবারিক গল্পে অনেক নাটকীয়তার চমক দেখে এসেছেন। পরিবারের বিভিন্ন লোকজনের গল্প উঠে এসেছে বিভিন্ন ফ্যামিলি ড্রামা সিরিয়ালে। তবে বাড়ির গৃহকর্মে নিয়োজিত একজন নারীর জীবনকে কেন্দ্র করেও চমত্কার হূদয়স্পর্শী হিন্দি সিরিয়াল হতে পারে ‘এক মুঠঠি আসমান’ সিরিয়ালটি দেখে দর্শক এটা অনুভব করছেন। প্রায় এক মাস আগে জিটিভিতেই শুরু হওয়া হিন্দি টিভি সিরিয়ালটি ইতোমধ্যে বিপুল দর্শককে আকৃষ্ট করেছে। তারা গভীর মনোযোগ দিয়ে ‘এক মুঠঠি আসমান’ উপভোগ করছেন। নতুন এই সিরিয়ালের গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন একজন গৃহকর্মী নারী কমলা বাই। মুম্বাই শহরের উপকণ্ঠে সাতারায় থাকে সে স্বামী ও দুই ছেলেমেয়ে নিয়ে। স্বামী ভিথাল একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করত। একসময় কারখানা বন্ধ হলে কমলার স্বামী বেকার হয়ে পড়ে। পুরো সংসারের অন্ন জোগানোর দায়িত্ব কমলার কাঁধে এসে পড়ে। অন্যের বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত সব কাজ করতে হয় তাকে। কাপড় ধোয়া থেকে শুরু করে রান্নাবান্না, ঘরদোর পরিষ্কারসহ ঘরোয়া যাবতীয় কাজ এক হাতে সামলাতে হয়। নিজের স্বামী সন্তান সংসারের দিকে মনোযোগ দেওয়ার ফুরসত পায় না কমলা। তার মেয়ের নাম কল্পনা। মেয়েটির যখন জন্ম তখনই কমলা গৃহকর্ত্রী নিলুরও একটি মেয়ে জন্ম নেয়। কমলা তার মেয়ে কল্পনাকে বাড়িতে রেখে কাজে চলে আসে। মেয়ে মাকে সারাদিনই কাছে পায় না। অনেকটা অনাদরে অযত্নে অভাব দুঃখ দারিদ্রের মাঝে বেড়ে ওঠে। ওদিকে কমলা তার গৃহকর্ত্রীর মেয়ে পুচির দেখভাল করে সারাদিন। পুচির দিকে কোনো খেয়াল নেই তার মা নিলুর। পুচিকে অনেকটা মায়ের আদরে বড় করে তোলে কমলা। বাড়ির কাজের লোক হলেও পুচি কমলাকে মায়ের মতো মনে করে। গৃহকর্মী হলেও কমলা পরিবারের একজন হয়ে ওঠে। পরিবারের সবাই তার ওপর নানাভাবে নির্ভরশীল হয়ে থাকে। অন্যের বাড়ির যাবতীয় কাজকর্ম সামলাতে সামলাতে ক্লান্ত অবসন্ন হয়ে নিজের ঘরে ফিরেও আবার ব্যস্ত সময় কাটাতে হয় কমলাকে। রান্নাবান্না করে তার স্বামী সন্তানকে খাওয়াতে হয়। পরদিন সকালে ঘুম থেকে উঠেই আবার ছুটতে হয় পরের বাড়ির কাজে। কমলা তার নিজের জীবনকে উত্সর্গ করেছে তার স্বামী ও সন্তানদের সুখ-সমৃদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে। কমলার স্বপ্ন, একদিন তার ছেলেমেয়েরা লেখাপড়া শিখে মানুষ হবে, জীবনে প্রতিষ্ঠা লাভ করবে। এজন্য রাতদিন অমানুষিক পরিশ্রম করছে সে, নিজের জীবনের সুখ সাধ আহ্লাদ সব বিসর্জন দিয়েছে মানুষের বাড়িতে গৃহকর্মী হিসেবে খাটছে। তেমনি এক সংগ্রামী নারী কমলা বাইয়ের প্রাত্যহিক জীবনের বাস্তব গল্প তুলে ধরা হয়েছে ‘এক মুঠঠি আসমান’ সিরিয়ালে। কমলা বাই চরিত্রের একান্ত আবেগ-অনুভূতি, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, স্বপ্ন-আকাঙ্ক্ষা প্রত্যাশা সবই হূদয় ছোঁয়া অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলছেন অভিনেত্রী শিল্পী শারদগার। একদা বলিউডে ঝড় তুলেছিলেন তিনি ‘হাম’, ‘কিষাণ কানাইয়া’, ‘গোপি কিষান’, ‘মৃত্যুদণ্ড’ প্রভৃতি ছবিতে অভিনয়ের মাধ্যমে। বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন শিল্পা। ১৩ বছর পর আবার তিনি ফিরে এলেন অভিনয়ে ‘এক মুঠঠি আসমান’ সিরিয়ালের মাধ্যমে। এখানে তার সিরিয়াস অভিনয় আবিষ্ট করেছে সবাইকে। জিটিভিতে প্রতি সোম থেকে শুক্রবার রাত সাড়ে ৭টায় ‘এক মুঠঠি আসমান’ সিরিয়ালটি দেখানো হয়।