তালেবান নেতা মোল্লা ঘানিকে মুক্তি দেয়া হবে :নওয়াজ শরিফ

আফগান তালেবানের সাবেক দ্বিতীয় শীর্ষ নেতা মোল্লা আব্দুল ঘানি বারাদারকে মুক্তি দেয়া হবে। মঙ্গলবার তুরস্কে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ কথা জানান। তবে বারাদারের মুক্তির বিস্তারিত পরিকল্পনা তার তুরস্ক সফর থেকে দেশে ফেরার পর ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান মনে করছে, বারাদারের মতো মধ্যপন্থি তালেবান নেতাদের মুক্তি দিলে তারা শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে পারবেন এবং তালেবানের বিদ্রোহী মনোভাব পরিত্যাগ করে এটিকে একটি রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করতে পারবেন। এই দৃষ্টিভঙ্গি থেকে দীর্ঘদিন ধরেই বারাদারের মুক্তির জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করে আসছে দেশ দুইটি। গত সপ্তাহে নওয়াজের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এক সাক্ষাত্কারে বলেছিলেন, তাকে চলতি মাসেই মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। রাষ্ট্রীয় সফরে তুরস্কে থাকা প্রধানমন্ত্রী নওয়াজও একই কথা পুনর্ব্যক্ত করলেন। নওয়াজ জানিয়েছেন, চলতি বছরের আগস্টে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের পাকিস্তান সফরের সময় এ বিষয়ে কারজাইকে তিনি কথা দিয়েছেন। বিস্তারিত কিছু না জানিয়ে তিনি আরো বলেছেন, ১৯ তারিখে তিনি পাকিস্তান ফেরার পর তার মুক্তির বিষয়ে “কর্মকৌশল” ঠিক করবে সরকার। তবে কাবুলের প্রত্যাশা মতো বারাদারকে সরাসরি আফগান কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হবে না বলে জানিয়েছে পাকিস্তান। তাকে সরাসরি পাকিস্তানে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তবে কয়েকটি সূত্র জানিয়েছে, বারাদারকে সৌদি আরব বা তুরস্কের মতো তৃতীয় দেশের কাছে হস্তান্তর করা হতে পারে। ২০১৪ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সব সেনা প্রত্যাহার করা হবে। তার পরবর্তী পরিস্থিতিতে তালেবান গোষ্ঠীর অস্ত্র ত্যাগে বারাদার বড় ভূমিকা রাখতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।