রূপগঞ্জে নবউদ্যমে সংগঠিত হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি ফের চাঙ্গা হয়ে উঠেছে। নেতা-কর্মীরা জোটবদ্ধ হয়ে দলীয় কার্যক্রম চালিয়ে নতুন উদ্যমে সংগঠিত হচ্ছেন। নতুন ও পুরাতন কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। পরাজয়ের গ্লানি মুছে পাল্টা জবাব দিতে ভেদাভেদ ভুলে গিয়ে রাজনৈতিক কর্মসূচিসহ সভা, সমাবেশ, গণঅনশন, কেন্দ্রীয় নেতাদের আগমন, কর্মী সম্মেলন, ওয়ার্ড ও ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে রূপসী এলাকায় আয়োজিত এক সমাবেশে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এডভোকেট তৈমুর আলম খন্দকার দলের আভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে গিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের পক্ষে এক সঙ্গে কাজ করার আহবান জানালে নেতা-কর্মীদের মধ্যে ফের প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। এ আসনের বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশী একাত্মতা প্রকাশ করায় ঝিমিয়ে পড়া নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কাজ করছেন। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামানের সাংগঠনিক তত্পরতায় আওয়ামী লীগ থেকে ইতিমধ্যে অনেক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। তাদের মধ্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাঞ্চন পৌরসভার বর্তমান মেয়র আলহাজ্ব মজিবুর রহমান ভুঁইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকাসহ অনেকেই কাজী মনিরুজ্জামানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিএনপিতে যোগ দিয়েছেন। কাজী মনিরুজ্জামান বলেন, পেশী শক্তির পরিবর্তে মেধাবী ভাল মানুষদের নিয়ে রাজনৈতিক টিম গঠন করতে হবে। রাজনৈতিক গুণগত পরিবর্তন আনতে হবে। সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির রীতি অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসবে। কিন্তু ৫ বছর পূর্ণ হওয়ার আগেই ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতাশীনরা নানা কৌশল খুঁজতে থাকেন। পক্ষান্তরে বিরোধী দল নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে বাস্তবায়নের দাবিতে সভা সমাবেশ, বিক্ষোভ, হরতাল, অবরোধসহ নানা কর্মসূচি পালন করতে বাধ্য হয়। এতে সরকারের ৪ বছরের উন্নয়ন শেষের ১ বছরে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বহির্বিশ্বে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ কারণে গণতান্ত্রিক পদ্ধতিতে সকল দলের কাছে গ্রহণযোগ্য স্থায়ীভাবে নির্বাচনী প্রক্রিয়া স্থির করা প্রয়োজন। যাতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করতে না হয়। এ অবস্থায় ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনসেবায় নিয়োজিত থাকার উদ্দেশ্যে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান শুক্কুর, রূপগঞ্জ উপজেলা তাঁতীদলের সভাপতি মজিবুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি শরীফ মিয়া, উপজেলা তরুণ দলের সভাপতি জাকির হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, রূপগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম পাপ্পু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবুল, তারাবো পৌরসভার মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, কাঞ্চন পৌরসভা মেয়র মজিবুর রহমান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী বাছিরউদ্দিন বাচ্চু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন প্রমুখ।