গোল বন্যার রাতে রোনালদোর হ্যাটট্রিক

ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপিয়ান ফুটবলের আলো ঝলমল রাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জানান দিলেন কেন রিয়াল মাদ্রিদ তার পেছনে কাড়ি কাড়ি অর্থ ঢালতে রাজী হয়েছে। স্পানিশ জায়ান্টদের সাথে পাঁচ বছরের নতুন চুক্তি করা ২৮ বছর বয়সী এই পর্তুগীজ তারকা দারুণ এক হ্যাটট্রিক করেন। তার এই হ্যাটট্রিকে দশমবারের মতো চ্যাম্পিন্স লিগ জয়ে মরিয়া রিয়াল ৬-১ গোলে হারালো গালাতাসারায়কে। রিয়াল মাদ্রিদের পাশাপাশি এই রাতে সম্ভাব্য শিরোপা প্রত্যাশীরাও গোলের বন্যা বইয়ে দেয় বিপক্ষের জালে। এই রাতে ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরটির আট খেলায় ৩০ গোলের দেখা পায় দর্শকরা। এর মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে ৩-০ গোলে সিএসকেএ মস্কোকে ৩-০, ম্যানচেস্টার ইউনাইটেড ৪-২ গোলে বায়ার লেভারকুসেনকে এবং ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হারায় স্বাগতিক ভিক্টোরিয়া প্লেজেনকে। প্যারি সেন জার্মেইর বড় জয়টিও বরাবরের শিরোপা প্রত্যাশীদের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। রোনালদোই ইস্তাম্বুলে সব আলো কেড়ে নেন। বিশেষ করে হ্যাটট্রিক পূর্ণ করা গোলটিতে। প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে রীতিমতো নাচিয়ে কড়া শটে গোলটি করেন তিনি। গ্যারেথ বেলকে ১০ কোটি ইউরোয় কেনার পর বিশ্বের সবচাইতে দামি খেলোয়াড়ের সম্মানটি এ মাসেই ছুটে যায় রোনালদোর কিন্তু মাঠে তিনিই ছিলেন সবচাইতে ঔজ্জ্বল্য ছড়ানো ফুটবলার। রিয়ালের হয়ে চার বছরে এটি তার ২১তম হ্যাটট্রিক। খেলাটি শুরুর ৩৩ মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার লং পাস থেকে প্রতিপক্ষের পোস্টে বল পাঠিয়ে রিয়ালকে এগিয়ে দেন ইস্কো। চলতি গ্রীষ্মেই ক্লাবটিতে যোগ দেন এই স্প্যানিয়ার্ড। এরপর শুরু হয় গোল বন্যা। গালাতাসারায়ের হয়ে উমুট বুলুটের একমাত্র গোলটির আগেই করিম বেনজেমা এবং রোনালদো দুটি করে গোল দিলে নিশ্চিত হয়ে যায় রিয়ালের জয়। বিপক্ষের মাঠে পাওয়া এই জয় দিয়ে বেশ ভালোভাবেই কার্লো আনচেলত্তির অধীনে নতুন যুগের সূচনা হলো নয়বারের ইউরোপ সেরাদের। বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে পেপ গার্দিওলার চ্যাম্পিয়ন্স লিগের শুরুটাও দারুণ হয়েছে। এক সময়ে বার্সেলোনাকে নিয়ে স্পেন ও ইউরোপীয় পর্যায়ে ব্যাপক সাফল্য পাওয়া গার্দিওলার বর্তমান দলটি নিজেদের মাঠে সিএসকে মস্কোকে ৩-০ গোলে হারায়। খেলা শুরুর চার মিনিটের মাথায় ডেভিড আলবা ফ্রি কীক থেকে প্রথম গোলটি পায় শিরোপাধারীরা। এরপর ৪১ মিনিটে মারিও ম্যান্ডজুকিচ হেডে দ্বিতীয় গোলটি করলে বেশ প্রতাপের সাথেই প্রথমার্ধ শেষ করে জার্মান ক্লাবটি। আলবার বানিয়ে দেয়া বলে ৬৮ মিনিটে আর্জেন রোবেন ভলিতে তৃতীয় গোল করলে জয় নিশ্চিত হয়ে যায় ব্যাভারিয়ান দলটির। স্যার অ্যালেক্স ফার্গুসনকে ছাড়া ১৯৮৫ সালের পর এবারই প্রথম ইউরোপ সেরাদের লড়াইয়ে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচ ডেভিড ময়েসের অধীনে সূচনাটাও ভাল হয়েছে ইংলিশ ক্লাবটির। ইনজুরি থেকে বাঁচার জন্য মাথায় পুরু হেডব্যান্ড পরে মাঠে নামা ওয়েন রুনি ২২ মিনিটে প্যাট্রিক এভরার ক্রসে দলকে এগিয়ে দেন। ওল্ড ট্রাফোর্ডের এই ম্যাচে ৫৪ মিনিটে লেভারকুসেনের হয়ে সমতা ফেরান সিমোন রোলফেস। কিন্তু তাদের স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। পাঁচ মিনিট পরই রবিন ভন পার্সি ইউনাইটেডের হয়ে দ্বিতীয় গোলটি করেন। রুনি ২০০৪ সালে এভারটন থেকে ইউনাইটেডে চলে আসেন। ময়েস এই ইংলিশ স্ট্রাইকারকে ইউনাইটেডের হয়ে ২০০তম গোলটি করতে দেখলেন। ২৭ বছর বয়সী রুনি চতুর্থ ব্যক্তি হিসেবে ক্লাবটির ইতিহাসে এই মাইলফলক ছুঁয়েছেন। ৭৯ মিনিটে অ্যান্তনিও ভ্যালেন্সিয়া চতুর্থ গোল করার পর ইউনাইটেডের জয় নিশ্চিত হয়ে যায়। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে ওমের তোপরাক লেভারকুসেনের হয়ে দ্বিতীয় গোলটি করলেও সেটি শুধু হারের ব্যবধানই কমায়, অন্য কিছু নয়। ‘এ’ গ্রুপের ওই ম্যাচে শেষ পর্যন্ত ইউনাইটেড ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি চেক রিপাবলিকে গিয়ে এফসি ভিক্টোরিয়া প্লেজেনকে ৩-০ গোলে উড়িয়ে দেয়। সিটির নতুন কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি আগের মৌসুমে মালাগাকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছিলেন। তাই নতুন দায়িত্বে ভাল কিছুই করতে চাইছেন তিনি। চেক দলটি প্রথমার্ধ গোল শূন্য কাটালেও বিরতির পর সার্জিও আগুয়েরোর পাসে গোল করেন এডিন জেকো। এরপর পাঁচ মিনিটের ব্যবধানে আরো দুই গোল করেন ওলো তুরিন এবং আগুয়েরো। প্যারিস সেন্ট জার্মেই গ্রীসে গিয়ে ৪-১ ব্যবধানে হারিয়েছে অলিম্পিয়াকোসকে। ইতালিয়ান ক্লাব জুভেন্টাস এফসি কোপেনহেগেনের সাথে ১-১ গোলে ড্র করে। ম্যানচেস্টার ইউনাইটেড ৪-২ বায়ার লেভারকুসেন রিয়েল সোসিয়েদাদ ০-২ শাখতার ডোনেটস্ক গালাতাসারায় ১-৬ রিয়াল মাদ্রিদ কোপেনহেগেন ১-১ জুভেন্টাস বেনফিকা ২-০ অ্যান্ডারলেক্ট অলিম্পিয়াকোস ১-৪ পিএসজি বায়ার্ন মিউনিখ ৩-০ সিএসকে মস্কো ভিক্টোরিয়া প্লেজেন ০-৩ ম্যানচেস্টার সিটি