স্বপ্নীল শুরুতে খুশি রোনালদো
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৪
স্বপ্নের মতো এক সূচনার পর রিয়াল মাদ্রিদের হ্যাটট্রিক নায়ক রোনালদো জানিয়েছেন শুরুটা আর কোনভাবেই এর চাইতে ভাল হতে পারতো না। তিনি বলেন,‘আমাদের জন্য ব্যাপারগুলো এর চাইতে ভাল কিছুতেই হতে পারতো না। ছয় গোল করা সত্যি দারুণ এবং এটা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে।’
রোনালদোর এই হ্যাটট্রিকে তুরস্কের ইস্তাম্বুলে স্পেনের ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের খেলায় স্বাগতিক গালাতাসারায়কে ৬-১ গোলে উড়িয়ে দেয়। রিয়ালের হয়ে পর্তুগীজ তারকার এটি ২১তম হ্যাটট্রিক। সঙ্গত কারণেই খেলা শেষে উচ্ছ্বসিত রোনালদো আরো বলেন,‘আমরা একটি ভালো দলের সাথে ভালোভাবে শুরু করতে চাইছিলাম। তারা প্রথম ২০ মিনিটে বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল।’ রোনালদো এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৯৩টি খেলায় ৫৩ গোল করেন। তার সামনে আছেন নিস্টেলরয় (৫৬), লিওনেল মেসি (৫৯) ও রাউল (৭১)।
গত মঙ্গলবার রাতে এ খেলাটির শুরুতে মাঠে নামেন গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। কিন্তু শুরুতেই ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। রোনালদো অবশ্য এই স্প্যানিয়ার্ডকে নিয়ে চিন্তিত নন, ‘এটা তার (ইকার ক্যাসিয়াসের) দুর্ভাগ্য। আশা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’ গত রবিবার রিয়ালের সাথে নতুন করে পাঁচ বছরের জন্য চুক্তি করেছেন রোনালদো। চুক্তি অনুযায়ী পর্তুগীজ তারকাটি এখন বিশ্বের সব থেকে বেশি বেতনভোগী ফুটবলার।