প্রীতি ম্যাচেও বিবাদে জড়ালেন শোয়েব

প্রবাদ আছে ‘কয়লা ধুলে ময়লা যায় না’। পুরনো এই প্রবাদটিই যেন স্বার্থক করলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। খেলোয়াড়ী জীবনে খারাপ আচরণের কারণে অনেকবারই সংবাদের শিরোনাম হয়েছেন শোয়েব। খেলা ছেড়ে দিয়েছেন কয়েক বছর আগেই কিন্তু এখনো স্বভাবটা তেমনই রয়ে গেছে তার। সমপ্রতি নরওয়েতে একটি প্রীতি ম্যাচে দলকে নেতৃত্ব দেয়া সর্বকালের সবচেয়ে দ্রুতগতির বোলারটি পাঁচ ওভার বোলিং করে ৪০ রান দিলেও কোন উইকেট নিতে ব্যর্থ হন। ম্যাচ শেষে তার এক পাকিস্তানি সতীর্থ অনেকটা গল্পের ছলেই তাকে বলেন, ‘শোয়েব ভাই, আপনি বোধহয় আপনার সেরা সময় পেড়িয়ে এসেছেন।’ এমন কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠা আখতার ঐ খেলোয়াড়কে গালিগালাজ করতে শুরু করেন এবং মারতে তেড়ে আসেন। এমন অবস্থায় আয়োজকরা মাঠে প্রবেশ করে আখতারকে নিবৃত করেন। উপস্থিত দর্শকরাও একথার সত্যতা নিশ্চিত করেন।— বাসস