নদীগর্ভে বিলীন পাঁচ শতাধিক বাড়িঘর
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৫
মাদারীপুরের শিবচরের চরজানাজাতের ৫ শতাধিক ঘর বাড়ি, হাট বাজার ও একটি কমিউনিটি ক্লিনিক নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পদ্মায় পানি কমতে থাকায় ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। দুর্গতরা নৌকা বা ট্রলারে নদীতেই বসবাস করছে।
গত কয়েকদিনের ভাঙ্গনে চরজানাজাতের রউফ ফকিরের হাটের ৪০টি দোকানপাট, একটি কমিউনিটি ক্লিনিক, ভূমিহীন গ্রাম, ফজলু সরকারকান্দি, ফকিরকান্দি গ্রামসহ ৬টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চরাঞ্চলের মানুষেরা নৌকা ও ট্রলারে আশ্রয় নিয়েছে। এ সকল এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট । মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে ভাঙ্গন কবলিত এলাকার মানুষ। মাদারীপুর জেলা প্রশাসক নুর উর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। আরো অনুদান দেয়া হবে।