সৈয়দপুরে বিসিক শিল্প নগরীর বেহাল দশা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৫
সৈয়দপুর বিসিক শিল্প নগরীর রাস্তা ও ড্রেনগুলো সংস্কার না করায় সেখানে বেহাল দশা বিরাজ করছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে এখানে পানি জমে যায়। ১৯৮৪ সালে উত্তরাঞ্চলের শিল্প ও বাণিজ্য প্রধান সৈয়দপুর শহরের নিয়ামতপুর এলাকায় ১০ দশমিক ৯৩ একর জমির উপর বিসিক শিল্প নগরী গড়ে উঠে। এ বিসিক শিল্প নগরীতে তিন টাইপের মোট ৯০টি প্লট রয়েছে। বর্তমানে সচল শিল্প ইউনিটগুলোর মধ্যে রয়েছে খাদ্য ও খাদ্য জাতীয় ২২টি, রসায়ন শিল্প ৬টি, প্রকৌশল শিল্প ১৫টি এবং ১টি পাট ও পাটজাত শিল্প।
উত্তরাঞ্চলের অধিকাংশ বিসিক শিল্প নগরী যখন শিল্প প্রতিষ্ঠানের অভাবে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে, তখন শুধু সম্প্রসারণ না করায় সৈয়দপুর বিসিক শিল্প নগরীতে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে পারছে না। সৈয়দপুর বিসিক শিল্প নগরী কর্মকর্তা গোলাম রব্বানী জানান, বিসিক শিল্প নগরীরর রাস্তা ও ড্রেন সংস্কার জরুরী হয়ে পড়েছে। বিষয়টি অবহিত করে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বহুবার লিখেছি।