তেরখাদায় পরিত্যক্ত
ভবনে চলছে পাঠদান
তেরখাদা (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৬
উপজেলার ৩৯ নং জয়সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবন দীর্ঘদিন যাবত্ সংস্কার না করায় এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভবনটি ৩ মাস আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও ক্লাশ করার জায়গা না থাকায় বর্ষা মৌসুমে জীবন বাজি রেখে কোমলমতী ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক মন্ডলী ঝুিঁকপূর্ণ ভবনে ক্লাশ পরিচালনা করছেন।
শিক্ষকরা জানান, দুই বছর আগে থেকে বিদ্যালয় ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে খসে পড়ছে। পিলার গুলো ধ্বসে পড়ে শুধু লোহা বেরিয়ে আছে। ভবনের দেওয়ালের একাধিক স্থানে ফাটল ধরেছে। এলাকাবাসী ,অবিভাবকমহল, শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটি আতঙ্কের মধ্যে দিনতিপাত করছে। কখন রানা প্লাজার মত ভবনটি ধ্বসে পড়ে। ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিলে উপজেলা শিক্ষা অফিসার উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হয়।
পরবর্তীতে কর্মকর্তারা উক্ত ঝুিঁকপূর্ণ ভবনে ক্লাশ না করার জন্যে চিঠি দিয়ে জানিয়ে দেন।
এলাকার সচেতন মহল বলছেন, চিঠি দিয়েই শেষ করছেন কর্মকর্তারা কিন্তু শিশু শ্রেণিসহ ৬ টি ক্লাশ এখানে রয়েছে। অন্য কোন ভবন না থাকায় ঐ ঝুকিঁপূর্ণ ভবনে ক্লাশ নিচ্ছেন শিক্ষকরা। বর্ষা না থাকলে প্রায়ই সময় বিদ্যালয়ের পশ্চিম পাশে গাছ তলায় বসে ক্লাশ নেয়া হয়।
বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। প্রতি বছর এ বিদ্যালয় থেকে একাধিক ছাত্র ছাত্রী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে আসছে। অবহেলিত জনপদ জয়সেনার এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আজও অবহেলিত থাকায় জনমনে চরম হতাশার সৃষ্টি হয়েছে।