ব্রাহ্মণবাড়িয়ার ভূমি অফিসে অনিয়ম !

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের দুর্নীতি ও অনিয়মের কারণে বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি। জন সাধারণের হচ্ছে সিমাহীন ভোগান্তি ও হয়রানী। সদর উপজেলার অষ্টগ্রাম ভূমি অফিসের তহশিলদার মোঃ তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে সরকারি ভূমি ব্যক্তির নামে খারিজ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সে ওই ইউনিয়নের রাজঘর মৌজার সাবেক এস.এ ১২২০ নং দাগ যা ১নং খাস খতিয়ান ভূক্ত সরকারি ভূমি বি.এস. ২১১৭ নং দাগের ০.২৯ একর ভূমি রামেছা বিবি নামে এক মহিলাকে নামজারী ও জমা খারিজ মোকদ্দমা মূলে খারিজ করেছেন। যার জোত নং ৯৪৩। এছাড়াও তিনি মোহনপুর বাজারের ৩০টি চান্দিনা ভিটি বন্দোবস্তের জন্য এমন লোকজনের নাম প্রস্তাব করেছেন যারা অনেকেই বিদেশে অবস্থান করছেন। ব্যবসায়ী নয় এমন কলেজ ছাত্রসহ অনেকের নাম প্রস্তাব করা হয়েছে। তাছাড়া সোনাসার মৌজার ২৪১ নং দাগের সরকারি পুকুর প্রত্যেক বছর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে ইজারা দেয়া হতো। কিন্তু পুকুরটি পাবলিক ইজমেন্ট রাইট দেখিয়ে প্রস্তাব করা হয়েছে এবং তা অনুমোদনও হয়েছে। এব্যাপারে জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের নিকট অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে সুহিলপুর ইউনিয়নের সহকারী তহশিলদার মাহবুবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অষ্টগ্রাম ইউনিয়ন তহশিলদার মোঃ তোফাজ্জল হোসেন ও সুহিলপুর ইউনিয়ন সহকারী তহশিলদার মাহবুবুর রহমান জানান, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। এ ব্যাপারে জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার জানান, অভিযোগ পাওয়ার পর তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্তের পর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।