শিক্ষকের অসদাচরণে
এক ছাত্রীর আত্মহত্যার
চেষ্টা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের এক ছাত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা ও অপর ছাত্রীর গাড়ি চাপা পড়ে আত্মহত্যার হুমকির ঘটনায় গোটা উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে আত্মহত্যার হুমকি দেয়া ছাত্রীর পিতা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক ইকবাল হোসেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে গত ১৫ সেপ্টেম্বর শ্রেণি কক্ষ থেকে অষ্টম শ্রেণির কক্ষে ডেকে নিয়ে তাকে কলেজের ছাত্র-ছাত্রীদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় শিক্ষার্থী বাসায় ফিরে ঐ বিদ্যালয়ে আর পড়াশোনা করবে না বলে অভিভাবকদের জানায়।
আর যদি যেতে হয় তাহলে গাড়ি চাপা পড়ে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। অপর সাথী কীটনাশক পানে আত্মহত্যার প্রচেষ্টা চালায় এবং সে কেশবপুর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কিছুই শোনেননি ও কেউ অভিযোগ করেনি বলে জানালেও পরবর্তীতে তিনি ঘটনার তদন্তে সিনিয়র শিক্ষক আব্দুল খালেককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কথা স্বীকার করেন।