নবীনগরে দু’গ্রামবাসীর সংঘর্ষ
পুলিশসহ আহত অর্ধশত
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নে দু’গ্রামের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। সংঘর্ষে ককটেল বিস্ফোরিত হয় এবং পুলিশসহ প্রায় অর্ধশত লোক আহত হয়। মঙ্গলবার রাতে বড়িকান্দি ও থোল্লাকান্দি গ্রামের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে আহত পুলিশ সদস্য হাবিলদার শাহাদাত হোসেন, কনস্টেবল মনির হোসেনসহ অন্তত ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।