খেলাপী ঋণই এখন সোনালী ব্যাংকের একমাত্র সমস্যা

গত বছরের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ায় সে সময় সাময়িকভাবে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। এতে ঋণের পরিমাণ কমে গিয়েছিল। এরপর থেকে এ ব্যাংকের অবস্থা উন্নয়নের কাজ চলছে। ফলে সেপ্টেম্বর মাসের পর থেকে সোনালী ব্যাংকের আমানত ও ঋণের কোনো সমস্যা নেই। তবে শ্রেণিকৃত (খেলাপী) ঋণ নিয়ে সমস্যায় আছি। এটাই এখন ব্যাংকের একমাত্র সমস্যা। এসব শ্রেণিকৃত ঋণ আদায় করার মাধ্যমে ব্যাংকের মূলধন ঘাটতি কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে—দেশের সবচেয়ে বড় এবং রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে এ ব্যাংক সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হওয়ার প্রেক্ষিতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।