ভাটারায় বালিশ চাপা দিয়ে গৃহবধূ হত্যা

রাজধানীর ভাটারায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে ফাহিমা বেগম (২৭) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে সোলমাইদের ফরাজিটোলার ৫৪৭ নম্বর বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মোহাম্মদ জীবন পলাতক। নিহত গৃহবধূর প্রতিবেশী আছিয়া বেগমের বরাত দিয়ে ভাটারা থানার এসআই শহিদুল আলম বলেন, তিন দিন আগে ফাহিমা-জীবন দম্পতি বাসা ভাড়া নেন। সোমবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। রাত ৩টার দিকে ঐ দম্পতির ৫ বছর বয়সী সন্তানের কান্নার শব্দে ঘুম ভাঙে তার। দরজার ফাঁক দিয়ে ফাহিমার নিথর দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের ডাকেন আছিয়া। পরে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এসআই আরও জানান, ফাহিমার পা বাঁধা ছিল তার লাশের পাশে গামছা ও বালিশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে বালিশ চাপায় হত্যা করা হয়েছে।