গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া মনিপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল বুধবার পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। মহাসড়ক অবরোধের চেষ্টাকালে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপে প্রায় অর্ধশত শ্রমিক আহত হয়। শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, সকালে মনিপুর এলাকার এলিগেন্স শিল্প গ্রুপের কেসোপিয়া সোয়েটার ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা ৮ হাজার টাকা সর্বনিম্ন মজুরির দাবিতে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এ সময় শিল্পাঞ্চল পুলিশ শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সাথে শ্রমিকদের একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাদেরকে স্থানীয় বিভিন্ন ফার্মেসিতে চিকিত্সা দেয়া হয়। গাজীপুর শিল্প পুলিশের এএসপি মোশারফ হোসেন জানান, সকালে কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করে। তাদের বিক্ষোভ দেখে পার্শ্ববর্তী জাহিনটেক্স ও গিভেন্সী ফ্যাশন লিমিটেডে ছুটি ঘোষণা করে। পরে সকল শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।