সাংবাদিক নাজনীনের অবস্থার কিছুটা উন্নতি মেডিক্যাল বোর্ড গঠন

দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নাজনীন আখতারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গতকাল বুধবার তার আল্ট্রাসনোগ্রাম করানো হয়। এতে তেমন কোন সমস্যা ধরা পড়েনি। এর আগে সিটি স্ক্যান করেও একইরকম প্রতিবেদন পাওয়া যায়। তবে মঙ্গলবারের এমআরআই পরীক্ষায় তার শরীরের কয়েকটি স্থানে আঘাতের কথা জানা গেছে। নাজনীনের সুচিকিত্সা নিশ্চিত করতে গতকাল পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেয়ের মৃত্যুশোক সইতে না পেরে সোমবার বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন নাজনীন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন। নাজনীনের সহকর্মীরা জানান, এমআরআই রিপোর্টে বলা হয়েছে, নাজনীনের কাঁধের দু’টি স্থানে ও মেরুদণ্ডের হাড়ে ফাটল ধরেছে। তার জখমও পাওয়া গেছে। এই রিপোর্টের ভিত্তিতে চিকিত্সকরা আপাতত অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নিয়েছেন। ওষুধ সেবনেই তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভাঙা হাড় জোড়া লাগানোর চিকিত্সা চলছে। এদিকে নিউরোসার্জন ডা. দ্বীন মোহাম্মদকে প্রধান করে গতকাল পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তারা নাজনীনের চিকিত্সার সামগ্রিক বিষয়টি পর্যবেক্ষণ করছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ’র প্রধান অধ্যাপক এম আবদুর রহমান জানান, নাজনীনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তার চেতনা রয়েছে, কথা বলতে পারছেন। চিকিত্সায় তিনি দ্রুতই সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।