সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
ধামরাইয়ে মা ও অভিভাবক সমাবেশ
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ধামরাইয়ের যাদবপুর উচ্চ বিদ্যালয় মাঠে গত মঙ্গলবার মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। যাদবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব বেনজীর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই থানার ওসি আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, আওয়ামী লীগ নেতা দেওয়ান আলাউদ্দিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জে ২ দিনব্যাপী আয়কর মেলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ আয়কর বিভাগের আয়োজনে ২ দিনব্যাপী আয়কর মেলা গত মঙ্গলবার সকাল থেকে স্থানীয় শহীদ সাটু হলে শুরু হয়েছে। জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দিন মন্ডল মেলার উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জের সহকারী কর কমিশনার মকবুল হোসেন প্রমুখ।
মুন্সীগঞ্জের কলেজে নবীন বরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গত মঙ্গলবার প্রেসিডেন্ট প্রফসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। কলেজের অধ্যক্ষ মেজর নুরুল আমিন হেলালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ ব্যনার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাগরিকা নাসরিন, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. এহসানুল করিম।
পলাশবাড়ীতে আগুনে পুড়ে গেছে ৬টি বাড়ি
গাইবান্ধা প্রতিনিধি \ পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নে ফরকান্দপুর গ্রামে ৬টি বসত বাড়ি গত মঙ্গলবার আগুনে ভস্মীভূত হয়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। জানা গেছে, উপজেলার খোকা, শাহারুল, রহমান, সাদা, শহীদুল ও ভোলা চকিদারের বসত বাড়িতে গতকাল দুপুর ১২ টার দিকে আগুন লাগে। কোন এক পরিবারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৬ পরিবারের ১০টি ঘর পুরে ছাই হয়ে যায়। গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঈশ্বরগঞ্জে গুটি ইউরিয়া বিষয়ক ওয়ার্কশপ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গত মঙ্গলবার কৃষি উত্পাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্প (আপি)’র উদ্যোগে গুটি ইউরিয়া বিষয়ক দিনব্যাপী এক স্টেকহোল্ডার্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সমীর কুমার সরকার। ওয়ার্কশপে তথ্য চিত্র প্রদর্শনের পর গুটি ইউরিয়ার উপর আলোচনা করেন নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার প্রমুখ।
গৌরীপুরে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা\ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-এর উদ্যোগে গৌরীপুর প্রেসক্লাবের সহযোগিতায় ময়মনসিংহের গৌরীপুরে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ। গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি এড. জসীম উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে সমাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শায়লা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল প্রমুখ।
উজিরপুরে চাপাতিসহ কওমী মাদ্রাসার ২ ছাত্র গ্রেপ্তার
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ উজিরপুরে কওমী মাদ্রাসার দুই ছাত্রকে চাপাতিসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার উজিরপুর উপজেলার কলেজ গেটে রাখালতলা গ্রামের আনোয়ার হোসেন মোল্লার ছেলে রাহাত মোল্লা (১৩) ও একই গ্রামের আতিকুর রহমান মোল্লাকে (১৪) কাপড়ে প্যাঁচানো চাপাতি নিয়ে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয়। এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে চাপাতিসহ মাদ্রাসার ওই ২ ছাত্রকে গ্রেফতার করে।
ময়মনসিংহে হারুন টাওয়ারে ব্যবসায়ীদের মানববন্ধন
ময়মনসিংহ প্রতিনিধি\ ময়মনসিংহ শহরে সি.কে ঘোষ রোডস্থ হারুন টাওয়ারে মোবাইল মার্কেটে হারুন টাওয়ারের মালিক গোলাম আম্বিয়া হারুন কর্তৃক পজেশন গ্রহিতাকে অবৈধভাবে উচ্ছেদ ষড়যন্ত্র ও ভুয়া নাম ব্যবহার করে আদালতে মামলা করে হয়রানি করছে। এরই প্রতিবাদে হারুন টাওয়ারের মোবাইল ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে গত মঙ্গলবার মার্কেট বন্ধ রেখে মোবাইল ব্যবসায়ীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। বক্তব্য রাখেন হারুন টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এমদাদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সহ-সভাপতি মোনায়েম খান শফিউল¬াহ প্রমুখ।
কলমাকান্দায় মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা\ জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা ভবন গত মঙ্গলবার উদ্বোধন হয়েছে। ভবনটি উদ্বোধন করেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাব উদ্দিন। এ সময় জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ইউনিট কমান্ডার নুরুল আমীনসহ জেলা ইউনিটের উছমান গনি তালুকদার, জহিরুল ইসলাম হিরা, মতিউর রহমান, মোজাম্মেল হক, এখলাছ উদ্দিন কোরাইশি, কলমাকান্দা কমান্ডের সুলতান গিয়াস উদ্দিন, মোশারফ হোসেনসহ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
গোয়ালন্দে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা\ গত মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চারটি কোল ও বিলে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। এসময় ইউএনও মো. ছরোয়ার হোসেন, জেলা মত্স্য কর্মকর্তা মো. শফিকুর রহমান, উপজেলা মত্স্য কর্মকর্তা মো. সেলিম সুলতান, ভ্যাটেরিনারী সার্জন পলাশ কান্তি দত্ত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রতাপ চন্দ মন্ডল ও কাউন্সিলর ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
গোমস্তাপুরে অনৈতিক সম্পর্কের ঘটনায় শিক্ষক বরখাস্ত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা\ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক স্কুল ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের ঘটনায় অভিযুক্ত উপজেলার আলিনগর স্কুল ও কলেজের বিজ্ঞান বিষয়ের শিক্ষক আবুল হায়াত কালামকে (৪৫) সাময়িকভাবে বরখাস্ত করেছে স্কুল ম্যানেজিং কমিটি। গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য যে, তারই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে গত রবিবার ঐ শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
গোবিন্দগঞ্জে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার বিদ্যুত্সহ সকল ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছেন। গত মঙ্গলবার উপজেলার কামারদহ ইউনিয়নের সতিতলা গ্রামের পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সতিতলা জামে মসজিদের সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা ময়নুল হক সরকার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা কামরুল হাসান ফসিয়ান প্রমুখ।
গাজীপুরে যুবলীগের হারতাল বিরোধী মিছিল
গাজীপুর প্রতিনিধি\ জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে ও কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের দাবীতে গতকাল বুধবার সকালে জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের সভাপতি এস এম আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ খোকা, যুবলীগ নেতা আবুল বাশার, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন দেলু, জসিম উদ্দিন, মাসুদ রানা এরশাদ প্রমুখ। সমাবেশে বক্তাগণ জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করে অবিলম্বে মানবাবিরোধী অপরাধে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের দাবি জানান।
আক্কেলপুরে ডাকাত দলের সর্দার গ্রেপ্তার
কালাই(জয়পুরহাট)সংবাদদাতা\ জয়পুরহাটের আক্কেলপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও থানায় একাধিক ডাকাতি ও ছিনতাই মামলার পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সোহেলকে (৩০) গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা পুলিশ। মঙ্গলবার বিকালে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত সোহেল আক্কেলপুর উপজেলার পশ্চিম আমুট্র গ্রামের সেকেন্দার আলীর পুত্র।
মেলান্দহে ডাকাতি প্রস্তুতিকালে আটক ৩
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো:পাচুরপাড়া গ্রামের মিস্টার (২৫), জিয়া (১৮) ও সোলায়মান (১৯)। ১৮ সেপ্টেম্বর রাত ১টার দিকে ভালুকা-তারাকান্দি সড়ক থেকে পুলিশ তাদেরকে আটক করে। অফিসার ইনচার্জ বিল্লালউদ্দিন জানান, গভীর রাতে তারা রাস্তায় ড্যাগার নিয়ে চলাচলকালে টহল পুলিশের হাতে আটক হয়। এসময় তাদের কাছ থেকে ২টি ড্যাগার পাওয়া যায়।
নাটোরে আদিবাসীদের মানববন্ধন
নাটোর প্রতিনিধি \ আদিবাসী নারী চূড়ামাড়ির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং বলাকান্দি শ্মশানের জায়গা দখলকারীদের উচ্ছেদের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে আদিবাসী সংগঠন। গত মঙ্গলবার নাটোর প্রেসক্লাবের সামনে আদিবাসী গ্রাম উন্নয়ন ও নারী সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নরেশ উঁরাও, বিমল হেমব্রম ও সন্তোষ পাহাড়ী প্রমুখ। বক্তারা আদিবাসীদের ওপর সকল অত্যাচার, নির্যাতন, জুলুম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
কিশোরগঞ্জে নারী উদ্যোগ কেন্দ্রের কর্মশালা
কিশোরগঞ্জ প্রতিনিধি \ শিশু অধিকার ও শিশু সুরক্ষা এবং জেন্ডার বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল জেলা সদরে নারী উদ্যোগ কেন্দ্রের হলরুমে সম্পন্ন হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান কামরুন্নাহার লুনা এবং সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. মো. আব্দুল হাই। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন গার্ল পাওয়ার প্রজেক্টের টেকনিক্যাল অফিসার এফ এম সাইদুর রহমান ও এ এফ এম আহাদ। মোট ৩০ জন প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
ঘাটাইলে গণ উচ্চ বিদ্যালয় কমিটির নির্বাচন সম্পন্ন
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ ঘাটাইল উপজেলার দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বেশ জাঁকজমকপূর্ণ এ নির্বাচনে মোট ছয়জন অভিভাবক প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭৪৮ জন ভোটারের মধ্যে ৬৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারা তাদের পছন্দমতো চারজনকে নির্বাচিত করেন। এরা হলেন-মোঃ মোফাজ্জল হোসেন, হারুন রশিদ, কহিনুর ইসলাম, মোঃ নূরুল ইসলাম। দাতা শ্রেণির সদস্য মোঃ সিরাজুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনে মোসা. হাজেরা বেগম।
পাংশায় অস্ত্রসহ চরমপন্থী নেতা গ্রেফতার
পাংশা(রাজবাড়ী)সংবাদদাতা\ রাজবাড়ীর পাংশায় উপজেলার পাট্টা ইউপির বিলজোনা গ্রামের বাবা পাগলার আশ্রম থেকে গত মঙ্গলবার ভোর রাতে পাংশা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ চরমপন্থী নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক কমান্ডার শ্রীকান্তকে আটক করেছে। গ্রেফতারকৃত শ্রীকান্তের তথ্য অনুসারে পাগলাবাবার মাজারের নিকট বটগাছের নিচে মাটিতে পুঁতে রাখা অবস্থায় তিন রাউন্ড বন্দুকের গুলি, একটি দেশীয় তৈরি সার্টারগান ও একটি দেশীয় রিভলবার উদ্ধার করেছে থানা পুলিশ ।
ধোবাউড়ায় নারী উন্নয়ন ফোরামের কর্মশালা
ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা\ গতকাল বুধবার ধোবাউড়া উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুছাইনের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ময়মনসিংহের উপ-পরিচালক (উপ-সচিব) এ এইচ এম লোকমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন প্রমুখ।