নারায়ণগঞ্জে ড্রেজারের প্রকৌশলীকে পেটালেন জাপা নেতারা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৭
শহরের কিল্লারপুল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ড্রেজার পরিদপ্তরে ফের আরেক প্রকৌশলীকে মারধর করেছে জাতীয় পার্টির নেতারা।এ খবর গতকাল বুধবার অন্য প্রকৌশলীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা তাত্ক্ষণিক এক প্রতিবাদ সভা করে এর তীব্র নিন্দা জানায়।
ড্রেজার পরিদপ্তরের মেরামত ও উত্পাদন (আরএমপি-২) এর উপবিভাগীয় প্রকৌশলী পঙ্কজ কান্তি জানান, নারায়ণগঞ্জ মহানগর জাপা’র দুই নেতা, ড্রেজার পরিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার মেসার্স সম্রাট ট্রেডিং-এর মালিক আবদুল কাদির ও মেসার্স নওশীন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কুতুবউদ্দিন আহমেদ গত মঙ্গলবার অফিসকক্ষে প্রবেশ করে দুই নারী শ্রমিককে মেরামত ও উত্পাদন বিভাগ-২ এ নিয়োগ দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। বিষয়টির প্রতিবাদ জানালে তার উপর নেতারা তেড়ে আসেন।
এ ব্যাপারে কুতুবউদ্দিন জানান, এখন ড্রেজারে ঠিকাদাররা কোন কাজ করতে পারে না। সকল কাজ করে প্রকৌশলীরা। আমরা নামমাত্র কমিশন পাই। এ কারণে ড্রেজারে ৩০-২৫ বছর ধরে অনেক প্রকৌশলী কাজ করে যাচ্ছে। এসব নিয়ে আমার সঙ্গে কয়েকজন প্রকৌশলীর বাকবিতণ্ডা হয়। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যে মীমাংসা হয়ে গেছে।