দৌলতখানে জাহাজ থেকে তেল পাচার চলছে

বেপরোয়া সংঘবদ্ধ চক্র!

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে চোরাচালানী সিন্ডিকেট তেল পাচারে বেপরোয়া হয়ে উঠেছে। চট্টগ্রাম থেকে নৌপথে ঢাকা ও খুলনাগামী সরকারি বেসরকারি মালিকানাধীন তেল বহনকারী জাহাজ ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদী অতিক্রমের সময় নির্দিষ্ট পয়েন্টে অবস্থান করে। এ সময় জাহাজের লোকজন ভোজ্য-জ্বালানি তেলসহ অন্যান্য চোরাই সামগ্রী কমমূল্যে চোরকারবারীদের কাছে বিক্রি করছে। ফলে দৌলতখানে সৃষ্টি হয়েছে চোরকারবারীদের নেটওয়ার্ক। গত দুইদিনে শতাধিক ব্যারেল তেল পাচার হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চোরাকারবারীরা জাহাজ থেকে ট্রলারে করে বটতলা মাছঘাট এলাকায় অবৈধভাবে সরকারি তেল এনে ব্যারেল ভর্তি করে ভ্যানযোগে নিজস্ব গোডাউনে নিয়ে যায়। পরবর্তীতে গোডাউন থেকে এসব তেল ভোলা জেলার বিভিন্ন বাজারে বিক্রি করে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, দৌলতখানের চৌকিঘাটা, পৌরসভার ১, ৩, ৬ নং ওয়ার্ড ও মাছঘাট, বটতলা, স্লুইস গেটসহ বিভিন্ন জায়গা দিয়ে চোরাকারবারীরা অবাধে তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নামাচ্ছে। এভাবে প্রতিদিন সরকারের কোটি-কোটি টাকার তেল পাচারের বিষয়টি এখন অনেকটাই হরহামেশা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন মেঘনায় জাহাজ থেকে তেল পাচার ও চোরাকারবারীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যে পুলিশ আট ব্যারেল তেল আটক করে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। তিনি আরো জানান, চোরাচালান রোধে পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে।