আবুল হাসান চৌধুরীসহ তিনজনকে অভিযুক্ত করেছে কানাডা পুলিশ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে পদ্মা সেতুতে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ এনেছে কানাডার পুলিশ প্রশাসন। গতকাল বুধবার কানাডিয়ান পত্রিকা ফাইনান্সিয়াল পোস্টের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, বিদেশি সরকারি কর্মকর্তাদের ঘুষ দেয়ার অভিযোগে এসএনসি লাভালিনের জ্যেষ্ঠ নির্বাহী কেভিন ওয়ালেসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তার সঙ্গে কানাডিয়ান নাগরিক জুলফিকার আলী ভুঁইয়া ও বাংলাদেশি নাগরিক আবুল হাসান চৌধুরীকেও অভিযুক্ত করা হয়েছে। ওয়ালেসকে আদালতে হাজির হওয়ার শর্তে মুক্তি দেয়া হয়েছে। চলমান এক তদন্তের অংশ হিসেবে এর আগে লাভালিনের কর্মী রমেশ শাহ (৬২) ও মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আরসিএমপি। বাংলাদেশে পদ্মা সেতু প্রকল্পে তদারকি ও পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে এসএনসি লাভালিনের নিয়োগ পাওয়া সংক্রান্ত তদন্তের ভিত্তিতে এ অভিযোগ আনা হয়েছে বলে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। আরসিএমপি’র ন্যাশনাল ডিভিশন আন্তর্জাতিক দুর্নীতি তদন্তের কাজ করে থাকে।