ফলোআপ

পুনরায় ভ্যাকসিন সরবরাহ শুরু

মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং ঢাকার বাইরে সরকারি চিকিত্সাসেবা কেন্দ্রে গতকাল বুধবার থেকে আবারো জলাতঙ্ক রোগের প্রতিষেধক এআরআই ভ্যাকসিন সরবরাহ শুরু হয়েছে। কুকুরের কামড়ে আহতদের জীবন রক্ষার্থে স্বাস্থ্য অধিদফতরের তত্পরতায় জরুরি ভিত্তিতে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহ করা হয়। এঘটনায় দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। গত মঙ্গলবার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘জলাতঙ্ক প্রতিষেধক সরবরাহ বন্ধ’ শীর্ষক সংবাদে স্বাস্থ্য প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। এরপর শীর্ষ কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে কুকুরের কামড়ে আহতদের ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন। গতকাল দুই হাজার ভায়েল ভ্যাকসিন সরবরাহ করা হয়। কর্তৃপক্ষ জানায়, এ ভ্যাকসিন সরবরাহকারী প্রকল্পের পরিচালক জীবন রক্ষাকারী এ প্রতিষেধক সংকট নিরসন না করে স্ট্যাডি ট্যুরে বিদেশে চলে যান। এ বিষয়ে তার কোন মাথা ব্যথা নেই। মাসে ঐ কর্মকর্তা ৮ থেকে ১০ বার বিদেশে যান। এ কারণে জীবন রক্ষাকারী প্রতিষেধক সরবরাহের বেহাল অবস্থা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ঢাকা ও রাজধানীর বাইরে এক সপ্তাহ এ ভ্যাকসিন সরবরাহ বন্ধ থাকায় বেশ কয়েকজন কুকুরের কামড়ে আহত রোগীর জীবন বিপন্ন হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে ঐ পরিচালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া ব্যতীত কোন বিকল্প নেই। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।