জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু এ মাসেই

সর্বশেষ হালনাগাদ ৭০ লাখ ভোটারের জাতীয় পরিচয়পত্র আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিতরণের প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সভাতে এ বিষয়টি চূড়ান্ত হবে। তবে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সব কার্ড বিতরণের কাজ সম্পাদনের লক্ষ্য নির্ধারিত হয়েছে। রাজধানী ঢাকা দিয়ে বিতরণ শুরু করে উপজেলা পর্যায়ে শেষ হবে। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ গতকাল বুধবার বলেছেন, বিভিন্ন বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেয়ার বিধান রেখে আইন হতে যাচ্ছে। ওই আইন পাস হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। ১৮ বছরের কম বয়সীরা জাতীয় পরিচয়পত্র পাবেন কিন্তু ভোটার তালিকাভুক্ত হবেন না। জাতীয় পরিচয়পত্র বিতরণে ইসি সচিবালয় থেকে ৩টি প্রস্তাব রাখা হয়েছে। এগুলো হচ্ছে-তথ্য সংগ্রহকারী/ সুপারভাইজারদের (শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা) মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে কার্ড বিতরণ, নিবন্ধন কেন্দ (রেজিস্ট্রেশন) থেকে বিতরণ এবং থানা নির্বাচন অফিসের মাধ্যমে বিতরণ। তবে তথ্য সংগ্রহকারী/ সুপারভাইজারদের (শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা) মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে কার্ড বিতরণ সুবিধাজনক বলা হয়েছে প্রস্তাবনাতে। তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে বিতরণের সুবিধার মধ্যে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার শিক্ষক-শিক্ষিকা হিসাবে ভোটারদের কাছে পরিচিত এবং ভোটাররাও তাদের পরিচিত, চাকরির সুবাদে তারা দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন, ভোটাররা দ্রুত সময়ে কার্ড পাবেন এবং বিতরণ সহজ হবে। পাশাপাশি বিগত হালনাগাদে অবিতরণকৃত প্রায় ২৫ লাখ পরিচয়পত্রও বিতরণ করা হবে।