খুলনায় নারী সদস্যসহ আট ডাকাত গ্রেফতার

ডাকাতির ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ আট ডাকাতকে গ্রেফতার করেছে খুলনা থানা পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে মহানগরী ও রূপসা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী সদস্যসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী নগদ ৪৩ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, ৮টি মোবাইল ফোনসেট ও একটি ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নগরীর চানমারী এলাকার মোক্তার হোসেন সড়কের বাড়ি থেকে ডাকাত সরদার বাবুল শিকদারকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী মহানগরী ও রূপসা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো সাত ডাকাতকে আটক করা হয়। ডাকাত সর্দার বাবুলের বিরুদ্ধে নগরীর খালিশপুর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। ডাকাত দলটি নগরীর বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।