চট্টগ্রামে ৬তলা ভবন হেলে পড়েছে

নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোডে ৬তলা একটি ভবন হেলে পড়েছে। গতকাল বুধবার দুপুরে ভবনটি কাত হয়ে পড়ার পর এর শতাধিক বাসিন্দা তড়িঘড়ি করে নিচে নেমে আসেন। হেলে পড়া ভবনটি ঘিরে উত্সুক জনতার ভিড় সৃষ্টি হয়। এসময় ভবনের বাসিন্দাদের নিচে নেমে আসার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়। খবর পেয়ে নৌবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। বেলা ৩টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান এবং অথরাইজেশন অফিসার ও ম্যাজিস্ট্রেট সমন্বয়ে সিডিএ’র একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। বাসিন্দারা নেমে আসার পর ভবনটি সিলগালা করে দেয়া হয়। সিডিএ’র ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আমিন জানান, ভবনটির বিভিন্ন অংশে ফাটল ধরে যাওয়ায় এটি হেলে পড়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে ভবনটি ভেঙ্গে ফেলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আজ বৃহস্পতিবার ভবনের বাসিন্দাদের আসবাবপত্রসহ অন্যান্য সামগ্রী সরিয়ে নেয়ার সুযোগ দেয়া হতে পারে বলে জানান তিনি।