সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সন্ধ্যা থেকে সারারাত কাটছে আমনের ক্ষেত। আর কাটার মাঝে যার আনন্দ সে হচ্ছে ইঁদুর। ফলে আমন চাষিরা বড় অসহায় হয়ে পড়েছেন। এ অবস্থায় কৃষকরা কৃষি বিভাগের পরামর্শে আমন ক্ষেতে পলিথিনের ঝান্ডা উড়িয়েছেন। বাতাসে পলিথিন শব্দ করে উড়ে আর ইঁদুর মনে করে কেউ আসছেন। তাই ভয়ে পালিয়ে যায়। এতে করে উপজেলার কৃষকরা লাভবান হচ্ছেন।
স্থানীয় কৃষকরা জানান, পোকা দমনে বিভিন্ন কীটনাশক ব্যবহার করলেও ইঁদুর তাড়াতে কীটনাশক ব্যবহারে কোনো কাজ হচ্ছে না। সন্ধ্যার পর আমনের খেতে ইঁদুর এসে গাছের গোড়া কেটে দিচ্ছে। পরদিন সেই আমনের গাছ গবাদিপশুকে খাওয়ানো ছাড়া উপায় থাকছে না। ফলে তারা চিন্তিত হয়ে কৃষি বিভাগের দ্বারস্থ হন। কৃষি বিভাগ আমনের খেতে পলিথিন ঝাণ্ডা উড়ানোর পরামর্শ দেয়।
উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর গ্রামের কৃষক মোজাক্কের আলী জানান, আমন খেত ইঁদুরের উপদ্রুব থেকে বাঁচাতে পলিথিনের নিশান উড়িয়ে উপকার পেয়েছেন। ইঁদুর কাটার মধ্যে এক ধরনের আনন্দ অনুভব করে। নদী-নালা এলাকার জমিতে মূলত ইঁদুরের উপদ্রুব সবচেয়ে বেশি। উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙালিপুর, বোতলাগাড়ি ইউনিয়ন ও সৈয়দপুর পৌর এলাকার শতাধিক একর জমিতে ইঁদুরের উপদ্রুব রয়েছে।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মণ্ডল বলেন, এ বছর বিস্তীর্ণ জমিতে বোরোর আবাদ করা হয়েছে। খেতের পোকা ও ইঁদুরের উপদ্রুব থেকে ফসল রক্ষার জন্য মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। তিনি আরো বলেন, বোরো কাটার মৌসুম এ ধরনের উপদ্রুব কিছুটা হলেও ফলনে ঘাটতি হতে পারে বলে মনে করেন তিনি।