এবার স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করল গুগল

ইতোমধ্যেই প্রযুক্তি বিশ্বের বিভিন্ন শাখায় নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে গুগল। এর বাইরেও আরও নানা ধরনের কাজে নিজেদের নিয়োজিত রেখেছে তারা। এরই ধারাবাহিকতায় এবারে স্বাস্থ্যখাতে বিনিয়োগ করেছে গুগল। ক্যালিফোর্নিয়া লাইফ কোম্পানি বা সংক্ষেপে ‘ক্যালিকো’ নামের প্রতিষ্ঠানটি রোগ এবং বয়স প্রতিরোধ নিয়ে কাজ করার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই ক্যালিকো’র পেছনে অন্যতম প্রধান বিনিয়োগকারী হিসেবে উঠে এসেছে গুগল’র নাম। আনুষ্ঠানিকভাবে এই তথ্য স্বীকার করে নিলেও ক্যালিকো কীভাবে কাজ করবে এবং গুগল কীভাবে এতে ভূমিকা রাখবে, তার বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। ক্যালিকো’র নেতৃত্বে অবশ্য রয়েছেন বড়সড় একজন ব্যক্তিত্ব। টেক জায়ান্ট অ্যাপল এবং আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান জেনেনটেক এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আর্থার লেভিনসন হলেন ক্যালিকো’র প্রতিষ্ঠাতা বিনিয়োগকারী এবং সিইও। বায়োটেক জগতের এই পথিকৃত্ একসময় জেনেনটেকের সিইও এবং গুগল’র পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন। তার নেতৃত্বে আস্থা রেখেই এতে বড় অংকের অর্থ বিনিয়োগ করতে সম্মত হয়েছে গুগল, যদিও এর পরিমাণ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। অনলাইন জায়ান্ট হিসেবে গুগল মূল ধারার ব্যবসায়িক কার্যক্রমের বাইরেও নানা ধরনের কাজে যুক্ত থাকে। তারই একটি প্রতিফলন এই প্রকল্পে তাদের বিনিয়োগ। তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জীবনধারা কীভাবে বদলে দেওয়া যায়, সেই গবেষণারই একটি অংশ ক্যালিকো। এর মাধ্যমে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রযুক্তির ব্যবহারকে মূল অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। মানুষের গড় আয়ু বৃদ্ধির পাশাপাশি বয়সের কারণে সৃষ্ট শারীরিক সমস্যাগুলোকেও অতিক্রম করার লক্ষ্য রয়েছে ক্যালিকো’র। উল্লেখ্য, এর আগেও ‘গুগল হেলথ’ নামে একটি অনলাইন সার্ভিস চালু করে গুগল, যাতে ব্যবহারকারীরা তাদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য অনলাইনে সংরক্ষণ রাখতে পারত। এই সেবাটি অবশ্য বেশিদিন চালু রাখতে পারেনি গুগল।