অ্যান্ড্রয়েড প্রধান এখন ইয়াহুতে!
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ১৮:৩৭
প্রায় ছয় বছর ধরে অ্যান্ড্রয়েড দেখাশোনার দায়িত্ব ছিল তার উপর। সেই দায়িত্ব যে তিনি সফলভাবে পালন করেছেন, সেটা স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েডের একচ্ছত্র আধিপত্য দেখলে সহজেই বুঝা যায়। তবে অ্যান্ড্রয়েডের সাথে দীর্ঘদিনের এই সম্পর্কটা ছিন্ন করেছেন তিনি। গুগল’র অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্টের কারিগরি প্রধান জ্যঁ-ব্যাপটিস্ট কিউরু যোগ দিয়েছেন ইয়াহুতে। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ইয়াহুতে যোগদানের খবর নিজেই নিশ্চিত করেছেন কিউরু। ইয়াহু’র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও তাকে স্বাগত জানানো হয়েছে ইয়াহুতে। অবশ্য একেবারে হঠাত্ করে অ্যান্ড্রয়েড ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেননি কিউরু। অ্যান্ড্রয়েডের হার্ডওয়্যার পার্টনার এবং ড্রাইভার সমর্থন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। গত মাসে গুগল প্লাসে এ সম্পর্কে একটি পোস্টও দিয়েছিলেন। যেসব ইস্যুতে তিনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, সেসব বিষয়ে তারা এড়িয়েই গেছেন। আর তার ফলেই অ্যান্ড্রয়েডের দায় এবং দায়িত্ব ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর সেই সুযোগটিই গ্রহণ করে ইয়াহু নিয়োগ দিয়েছে তাকে। ইয়াহু’র মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে তিনি কাজ করবেন বলেই জানা গেছে। উল্লেখ্য, এর আগে ইয়াহু গুগল’র মারিসা মেয়ারকে নিজেদের সিইও হিসেবে নিয়োগ দিয়েছে। সেই হিসেবে গুগল থেকে দ্বিতীয়বারের মতো বড় কোনো কর্মকর্তাকে তারা নিজেদের প্রতিষ্ঠানে নিয়োগ দিল।