ঈদে মৌয়ের হাফ ডজন নাটক!
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৮
মাঝে দীর্ঘ কয়েক বছর পর্দায় অনেকটাই অনিয়মিত ছিলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। কিন্তু নিজের সেই অলসতা কাটিয়ে আবারও পুরোদস্তুর ব্যস্ত সময় কাটাচ্ছেন ছোটপর্দার কাজে। গত ঈদে বেশ কয়েকটি নাটক-টেলিফিল্ম প্রচার হয়েছে মৌ অভিনীত। এই ঈদে এর সংখ্যা অনেক বেড়েছে। আসছে কোরবানির ঈদে সাদিয়া ইসলাম মৌ অভিনীত প্রায় হাফ ডজন নাটক প্রচার হবে। এরইমধ্যে অধিকাংশ নাটকের শুটিং হয়ে গেছে। এ ছাড়া বর্তমানে একাধিক নাটকে অভিনয় করছেন এবং আগামী কয়েকদিন অভিনয়ের জন্য সিডিউল চূড়ান্ত করেছেন। মৌ বলেন, ‘দীর্ঘ বিরতির পর আমি প্রায় দুই বছর আগে আবারও নাটকে অভিনয়ে ফিরি। তবে ইদানীং নাটকের ব্যস্ততাটা আরও অনেক বাড়িয়েছি। অভিনয়টাকে অনেক উপভোগ করছি। আসলে মাঝে কিছুটা সময় বিরতি নিয়েছিলাম সন্তানদের জন্য। এখন ওরা বড় হওয়ায় আবারও প্রিয় এই জগতে কাজ করার সুযোগ পাচ্ছি। আর সুযোগটি মোটামুটি একটু বেশিই কাজে লাগাচ্ছি। দর্শক গ্রহণযোগ্যতাও পাচ্ছি। তাই একাধিক নাটক ও টেলিফিল্মে আমি অভিনয় করছি।’ এরই মধ্যে মৌ অভিনয় করেছেন ‘ওরা সাতজন’, ‘ভালোবাসার সুখ-অসুখ’, ‘প্রেম ও প্রতারণার গল্প’, ‘তবুও’, ‘নীল বসন্ত’সহ আরও কয়েকটি নাটকে।