শেষ পর্যন্ত প্রযোজক শাকিব খান!

এ দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান এর আগে অনেকবার নিজে চলচ্চিত্র প্রযোজনা করার ঘোষণা দিয়েও বারবার পিছিয়েছেন। চলচ্চিত্রাঙ্গনের দুরবস্থার কারণেই প্রযোজকের খাতায় নাম লিখতে গিয়েও লিখেননি তিনি। তবে এবার আর ঘোষণা নয়, সরাসরি নিজের প্রযোজিত চলচ্চিত্রের কাজ শুরু করে দিয়েছেন তিনি। এরই মধ্যে পরিচালক হিসেবে বদিউল আলম খোকনকে চুক্তিবদ্ধ করেছেন। ত্রিভুজ প্রেমের গল্পনির্ভর এ ছবির কাহিনীও শাকিব খানের নিজের। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন অপু বিশ্বাস ও ববি। গত সপ্তাহে তিনি প্রযোজনা সংস্থার নাম লিপিবদ্ধ করার আবেদনও করেছেন প্রযোজক সমিতিতে। ছবির শুটিং শুরু হবে আগামী ২০ ডিসেম্বর থেকে। শাকিব বলেন, ‘আমাদের ছবির ব্যবসায় এখন পরিবর্তন আসছে। তা ছাড়া ভালো ভালো ছবিও নির্মিত হচ্ছে। তাই ভাবলাম এখনই সময় চলচ্চিত্র শিল্পের জন্য নিজের মতো করে কিছু করা। ভিন্ন কিছু দর্শকদের উপহার দেওয়া। তাই কাজটা শুরু করে ফেললাম। আশা করছি, আমার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত ছবি দর্শকদের মন জয় করবে। পাশাপাশি পুরোনো ক্ষোভগুলোও দূর হবে।’ শাকিব খান আরও জানান, ছবির নাম ও প্রযোজনা সংস্থার নাম আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে।