গরুর খামারে লাচ্ছা সেমাই কারখানা!

জরিমানা আদায়

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা

নবাবগঞ্জের বিনোদনগর গ্রামে গরুর খামারের ভেতর লাচ্ছা সেমাই তৈরির কারখানায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকালে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমানের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই টাকা জরিমানা আদায়সহ কারখানায় তৈরি লাচ্ছা সেমাই এবং সেমাই তৈরির উপকরণ ধ্বংস করে কারখানা বন্ধ করে দিয়েছেন।

গরুর খামারের লাচ্ছা সেমাই কারখানার মালিক মো. শাহিন মিয়া বলেন, গরুর খামার করে আর্থিকভাবে লোকসান হয়েছে। ঋণ হয়েছে বিভিন্ন এনজিওসহ ব্যক্তি বিশেষের কাছে। লোকসানের কারণে গরুর খামারটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। তবে ঈদুল ফিতরকে সামনে রেখে এবারই প্রথম ওই গরুর খামারে কারখানা বসিয়ে লাচ্ছা সেমাই তৈরি ও বাজারজাত শুরু করেছিলেন। এতে যা আয় হবে তা দিয়ে কিছুটা হলেও ঋণ পরিশোধ করা সম্ভব হতো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান বলেন, গোপন খবরের ভিত্তিতে ওই গ্রামের গরুর খামারে কারখানায় অভিযান চালাই। এ সময় জরিমানা ও কারখানায় তৈরি লাচ্ছা সেমাইসহ তৈরির উপকরণ ধ্বংস করে বন্ধ করে দেওয়া হয়েছে।