চাপ সামলাতে বুথ বাড়ছে রাজধানীর কর মেলায়

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত রাজধানীর আয়কর মেলার চতুর্থ দিনে কর সেবা নিতে আগত করদাতাদের চাপ অন্যদিনের তুলনায় আরো বেড়েছে। হরতালের মধ্যেও করদাতাদের চাপ সমলাতে হিমশিম খেতে হয় আয়োজকদের। অনলাইনে কর সনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিবন্ধন ও পুনঃনিবন্ধনের বুথে লাইন পড়ে যায়। অনেকে কর মেলায় আসলেও সেবা নিতে পারেন নি বলে অভিযোগ করেছেন। উত্তরা থেকে আসা তরুণ ব্যবসায়ী সাজ্জাদ কাদির জানালেন, ই-টিআইনের ফরম পূরণ করে জমা দিতে সাড়ে তিনটার দিকে জমা দিতে গেলে বুথের কর্মকর্তারা তা নেন নি। অথচ স্বাভাবিক নিয়মে মেলা ৫ টা পর্যন্ত চলার কথা। তাকে পরের দিন (আজকে) আবার আসতে বলা হয়। এ নিয়ে কয়েক জায়গায় ধরনা দিতে দেখা যায় তাকে। এমন সমস্যায় পড়েছে আরো অনেকে। এ অবস্থায় আজ শুক্রবার থেকে অফিসার্স ক্লাবের এ মেলার পরিসর আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। আয়োজক সূত্রে জানা গেছে, আরো ২০টি বুথ বাড়ানো হবে। আজ শুক্রবার মেলায় চাপ আরো বেশি হবে বলে মনে করছেন কর্মকর্তারা। রাজধানীর এ মেলা চলবে রবিবার পর্যন্ত। চার দিনে আড়াই লাখ করদাতা সেবা নিয়েছেন আয়কর মেলায় গত চারদিনে সারা দেশে ২ লাখ ৪৮ হাজার করদাতা সেবা নিয়েছেন। এর মধ্যে গতকাল চতূর্থ দিন সেবা নিয়েছেন সাড়ে ৮৭ হাজার। গতকাল নতুন নিবন্ধন নিয়েছেন ১ হাজার ৮৫৯ জন, পুনঃনিবন্ধন ১০ হাজার ২৭২ জন, রিটার্ন জমা পড়েছে ২২ হাজার ৩৮ টি এবং সর্বমোট আদায় হয়েছে ২৩৩ কোটি ১৫ লাখ টাকা। চার দিনে নতুন নিবন্ধন ৬ হাজার ৯৫১ জন, পুনঃনিবন্ধন ৩৮ হাজার ৩৪৬ জন, রিটার্ন জমা পড়েছে ৬০ হাজার এবং মোট আদায় হয়েছে ৫৮৮ কোটি ৫৬ লাখ টাকা।