ইরান কখনোই রাসায়নিক অস্ত্র তৈরি করবে না

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন তার দেশ কখনোই রাসায়নিক অস্ত্র তৈরি করবে না। আমেরিকার একটি সংবাদসংস্থাকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেন, তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে সমঝোতা করার সব রকম এখতিয়ার তার রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম কোন পশ্চিমা সংবাদসংস্থাকে সাক্ষাত্কার দিলেন মি. রুহানি। এই সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবার কাছ থেকে পাওয়া একটি চিঠির বর্ণনা দিয়ে তিনি বলেন, তার চিঠির বিষয়বস্তু ছিল খুবই ইতিবাচক ও গঠনমূলক। এ সময় তিনি ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে বেশ খোলামেলা আলাপ করেন। তিনি বলেন, তার দেশ কখনোই রাসায়নিক অস্ত্র তৈরি করবে না। পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার জন্য প্রেসিডেন্ট হিসেবে তার পূর্ণ এখতিয়ার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রুহানির আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে। ইরানে বিবিসির সংবাদদাতা বলছেন, আমেরিকার এনবিসি সংবাদসংস্থাকে এই সাক্ষাত্কার প্রদানের মাধ্যমে ইরান আসলে বোঝাতে চাচ্ছে ওয়াশিংটনের সাথে কূটনৈতিক সম্পর্কের পুনর্মিলনে তারা বেশ তত্পর। ইরান বর্তমানে তার পরমাণু কর্মসূচির কারণে জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ইরান সব সময়েই বলে এসেছে তারা পরমাণু কর্মসূচি কোন বিধ্বংসী কাজে ব্যবহার করবে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো তা নাকচ করে দিয়ে বলেছে, ইরান রাসায়নিক অস্ত্র তৈরির উদ্দেশ্যেই পরমাণু কর্মসূচি সমৃদ্ধ করছে।