‘আমাদের মেয়ে অন্য নারীদের সাহস যোগাবে’

নয়াদিল্লীতে গণধর্ষণের শিকার মেডিক্যাল ছাত্রীর বাবা-মা বলেছেন, আদালত তাদের মেয়ের ওপর বর্বর হামলাকারীদের যে মৃত্যুদণ্ড দিয়েছে তা তাদের প্রাপ্যই ছিল। একইসঙ্গে তাদের মেয়ের হার না মানা লড়াই অন্য নারীদেরও সাহস যোগাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।— বাসস গত ১৬ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে উত্তরখণ্ডের ২৩ বছর বয়সী ওই মেডিক্যালের ছাত্রী গণধর্ষণের শিকার হন। এরপর ওই ছাত্রী ও তার সঙ্গের ছেলের বন্ধুকে নৃশংসভাবে মারধর করে দুর্বৃত্তরা। বন্ধুটিকে রড দিয়ে বেধড়ক পেটায় এবং তাদেরকে চলন্ত বাস থেকে ফেলে দেয়া হয়। এরপর মেয়েটিকে বাসের চাকায় পিষে মারার চেষ্টা করা হয়। ঘটনার ১৩ দিন পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মেয়েটির মৃত্যু হয়। গত সপ্তাহে ভারতের একটি আদালত ঘটনার সঙ্গে জড়িত চার ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে (এবিসি) দেয়া এক সাক্ষাত্কারে মেয়েটির বাবা বলেন, তার মেয়ের আত্মত্যাগ নারীদের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তুলতে সহায়ক হবে। ‘তার মেয়ে নারীর ক্ষমতায়নের প্রতীক। সে অগ্নিশিখা জেলে দিয়ে গেছে এবং আমাদেরকে তা প্রজ্জ্বলিত রাখতে হবে।’