কলোরাডোয় বন্যায় কয়েকশ’ মানুষ নিখোঁজ

যুক্তরাষ্ট্রের কোলোরাডোয় ভয়াবহ বন্যার কারণে এখন পর্যন্ত কয়েকশ’ মানুষ নিখোঁজ রয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় আগেই সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। জরুরি ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র মিকি ট্রস্ট মঙ্গলবার রাতে বলেন, এখন পর্যন্ত ৩০৯ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ১০৯ জন বাউন্ডার কাউন্টি এবং অপর ১৯৭ জন লেইমার কাউন্টি এলাকার লোক। প্রাদেশিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো অন্তত ৩০০ লোকের খোঁজ পাওয়া যায়নি। স্মরণকালের সবচেয়ে ভারি বৃষ্টিপাতের কারণে অনেকেই দুর্গম এলাকায় আটকা পড়েছেন। কলোরাডোর বেশকিছু গুরুত্বপূর্ণ শহর পানির তোড়ে আবদ্ধ হয়ে রয়েছে। প্রায় তিন হাজারের মতো মানুষ কলোরাডো ত্যাগ করেছে। অনেককে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে অন্তত ২ হাজার ৪শ’ লোক ও ৮৫০টি গবাদিপশুকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।