সংবাদ কণিকা

ধাওয়া দিয়ে ধরা হল গাধাচোর মাঝরাতে ভারতের ধূলিময় রাস্তায় পুলিশের গাড়ি তাড়া করছে চোরের গাড়িকে। শেষ পর্যন্ত চোর পাকড়াও হলো, উদ্ধার করা হলো খোয়া যাওয়া মাল। তবে সেটা কোনো সোনার গহনা বা প্রচলিত দামী কোনো বস্তু নয়। পুলিশ উদ্ধার করেছে আটটি গাধা! প্রাণীগুলো বিক্রির জন্য মহারাষ্ট্র থেকে চুরি করে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্ধ্রপ্রদেশের কোনো কোনো অঞ্চলের লোকজনের মধ্যে প্রচলিত বিশ্বাস হচ্ছে, গাধার মাংস খেলে শক্তি ও পুরুষত্ব বাড়ে। এ কারণে অন্ধ্রপ্রদেশে গাধার মাংসের চাহিদা প্রচুর। কিন্তু গাধা কৃষিকাজে ব্যবহূত হওয়ায় তারা নিজেদের চাহিদা পূরণ করতে পারে না। আর এটাই চোরদের জন্য সুযোগ করে দিয়েছে। পুলিশের একজন সহকারী পরিদর্শক আর আর সৌদ জানান, প্রতিটি গাধা দশ হাজার রুপিতে বিক্রি হয়। — রয়টার্স ‘শুয়ে থেকেই পাবেন ৫ হাজার ডলার’ ৭০ দিন বিছানা থেকে একদম ওঠা যাবে না। আর এজন্য আপনি প্রতিমাসে পাবেন ৫ হাজার মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাশূন্যচারীদের ওপর গবেষণার অংশ হিসেবে এ ধরনের একটি কার্যক্রম গ্রহণ করেছে যাতে অংশগ্রহণকারীদের বিছানায় শুয়ে থাকতে হবে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়। মাইক্রোগ্রাভিটিতে দীর্ঘসময় থাকার ফলে নভোচারীদের শরীরে কি ধরনের প্রভাব পড়তে পারে সেটি নিয়ে গবেষণার অংশ হিসেবে নাসা এই ‘দ্য বেড রেস্ট স্টাডি’ কার্যক্রমের আয়োজন করেছে। এই কার্যক্রমে অংশগ্রহণকারীদের আনুভূমিক হয়ে ৭০ দিন থাকতে হবে। মহাকাশে ওজনশূন্য পরিস্থিতিতে নভোচারীদের অবস্থার আরো উন্নতি করাই এই বেড রেস্ট স্টাডি কার্যক্রমের উদ্দেশ্য। আলীর চোয়াল ভাঙা নরটনের মৃত্যু সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন কেন নরটন আর নেই। ঐতিহাসিক এক লড়াইয়ে বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীর চোয়াল ভেঙে দেয়া এই মুষ্টিযোদ্ধা বুধবার মারা গেছেন। নরটনের কর্পোরেট ম্যানেজার ও বন্ধু প্যাট্রিক টেনর জানান, অ্যারিজোনার বুলহেড সিটির একটি হাসপাতালে মৃত্যুর সময় নরটনের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি হূদরোগে ভুগছিলেন। রয়টার্সকে তিনি বলেন, ‘অসুস্থতার কারণে প্রায় একবছর ধরে তার চিকিত্সা চলছিল। বিকেলের একটু আগে তিনি মারা যান। তিনি শুধু অসাধারণ এক বক্সারই নন, ধার্মিক, ভদ্র ও একজন ভালো মানুষ ছিলেন।’ মার্কিন মেরিন কোরে থাকার সময় বক্সিং রিংয়ে নামেন নরটন। ১৯৬৭ সালে পেশাদার মুষ্টিযুদ্ধে পা রাখেন তিনি। মোহাম্মদ আলীর সঙ্গে তিনটি স্মরণীয় লড়াই হয়েছিল নরটনের। ১৯৭৩ সালে ১২ রাউন্ডের লড়াইয়ে আলীকে হারিয়ে নর্থ আমেরিকান বক্সিং ফেডারেশন হেভিওয়েট শিরোপা জিতেছিলেন তিনি। — রয়টার্স