আর কত বয়সে ভাতা
পাবেন কৃষ্ণ কান্ত মালি
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৮
আর কত বয়স হলে ১৩০ বছরের বৃদ্ধ কৃষ্ণ কান্ত মালি বয়স্ক ভাতা পাবেন। বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের ৫নং ওয়ার্ডের সেরেস্তাদার বাড়ি এলাকার বাসিন্দা কৃষ্ণ কান্ত মালি বয়সের ভারে এখন অনেকটাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। ২ বছর আগেও বেঁচে থাকার তাগিদে পান বিক্রি করে সংসার চালাতেন। ৩ ছেলে ৫ মেয়ে, নাতি-নাতনি নিয়ে তার সংসার। ছেলেরা যার যার সংসার নিয়ে ব্যস্ত। সহজে কেউ অতিশিপর এ বৃদ্ধের খোঁজ নিতে চায় না। পালাক্রমে ছেলে-মেয়েদের সংসারে দিন মাস আর বছর কাটে তার। এ বয়সে এসেও কৃষ্ণ কান্ত মালির ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা। বছরের পর বছর বয়স্ক ভাতার জন্য কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের কাছে ধরনা দিয়েছেন। কিন্তু কোন কাজ হয়নি। তিনি আক্ষেপ করে বলেন, আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবেন। জীবন মৃত্যুর সায়াহ্নে তিনি একবারের জন্য হলেও বয়স্ক ভাতা পাবার আকুতি জানান।