ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকের নৌ-পথে চাঁদাবাজির ঘটনায় দু’গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ হতাহতের ঘটনায় থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় দু’শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। পুলিশ এসল্ট মামলায় ছাতক পৌরসভার ৯ জন কাউন্সিলর, বাগবাড়ী গ্রামের মৃত আরজ মিয়া চৌধুরীর পুত্র জামাল চৌধুরী, কামাল চৌধুরী, সেলিম চৌধুরী, তেরা মিয়া চৌধুরীর পুত্র শাহীন চৌধুরী, কুহিন চৌধুরী, তানভির চৌধুরী, মৃত সুনু মিয়া চৌধুরীর পুত্র সুমন চৌধুরীসহ ৯৫ জনকে আসামি করা হয়েছে। হত্যা মামলায় সিংচাপইড় ইউনিয়নের আলোচিত ও বরখাস্তকৃত চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, যুবলীগ নেতা দিলোয়ার হোসেন, খোকন মিয়া, লিটন মিয়াসহ ১২ জনকে আসামি করা হয়। বুধবার থানা পুলিশ বাদি হয়ে এসল্ট মামলা, এদিকে নিহত ঠেলা চালক শাহাবুদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম বাদি হয়ে হত্যা মামলা এবং বৃহস্পতিবার ছাতক থানার এসআই দেলোয়ার বাদি হয়ে ৯৮ জনের নাম উল্লেখ করে বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করে।
সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ২৮ জনকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে। বৃহস্পতিবার সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট আদালতে আসামিদের জামিন প্রার্থনা করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।