তৃতীয় রাউন্ড শুরু আজ
বড় মাঠে বড় লড়াই
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচটি দিয়ে আজ শুক্রবার চলতি মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ চলে আসছে ঢাকা মহানগরীতে। তৃতীয় রাউন্ডে মিরপুরের ‘হোম অব ক্রিকেট’-এ শক্তিশালী এ দুটি দলের পাশাপাশি লড়াই হবে জাতীয় দলের দুই তারকা তামিম ইকবাল ও নাসির হোসেনের মধ্যে।
সবার চোখ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের দিকে থাকলেও গুরুত্ব বিচারে পিছিয়ে থাকছে না দিনের অপর দুটি খেলাও। কেননা নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলবে গাজী ট্যাংক ক্রিকেটার্স ও কলাবাগান ক্রীড়া চক্র। অপরদিকে বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। খেলাগুলো শুরু হবে সকাল নয়টায়।
লিগে এখন পর্যন্ত প্রথম দুই রাউন্ডের খেলা শেষে দুই ম্যাচের উভয়টিতেই জিতে চার পয়েন্ট পেয়ে শীর্ষে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সমপরিমাণ পয়েন্ট পেলেও নেট রানরেটে পিছিয়ে পড়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তৃতীয় স্থানে থাকা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের পয়েন্ট তিন। ভিক্টোরিয়া এক ম্যাচে জিতলেও কলাবাগান ক্রিকেট একাডেমির সাথে অপরটি বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়। অপরদিকে ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট হলো দুটি।
অধিনায়ক ওপেনার তামিম ইকবাল ছাড়াও ব্রাদার্সে আছেন এখন পর্যন্ত লিগে সবচেয়ে বেশি রান (১৮৮) করা নাফিস ইকবাল। মিডল অর্ডারে অলক কাপালী ও মেহরাব হোসেন জুনিয়র মিলিয়ে ব্যাটিং অর্ডারটা বেশ শক্তিশালী। দলের সদস্য মেহরাব হোসেন জুনিয়রও দলের ব্যাটিংকেই সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন, ‘শেষ দুই ম্যাচে ব্যাটসম্যানরা রান পেয়েছে। সবার আত্মবিশ্বাসে কোন কমতি নেই। আমরা জয়ের জন্যই লড়বো।’
বোলিংয়ে ব্রাদার্সের মূল ভরসা তিন বিদেশি- অ্যাঞ্জেলো ম্যাথুস, সচিত্র সেনানায়েকে ও আজহার মেহমুদ। মেহরাব এ প্রসঙ্গে বললেন, ‘দলে তিনজন বিদেশি খেলোয়াড় আছেন। তারা বিশ্বমানের বোলার। আমরা ব্যালান্সড দল। তাই সব মিলিয়ে মানসিকভাবে আমরা অনেক বেশি এগিয়ে থাকবো।’
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে অধিনায়ক নাসির হোসেন ছাড়াও আছেন এনামুল হক বিজয় ও সৌম্য সরকারের মতো তারকা ব্যাটসম্যানরা। বোলিংয়ে নেতৃত্ব দিবেন রবিউল ইসলাম শিপলু। বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছেন সাজিয়া বীরাকুন ও শালিকা করুনানায়েকে। ম্যাচের আগে নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে নাসির বলেন, ‘আমরা ভাল দল। প্রতিপক্ষ দলে কে আছে না আছে সেটা নিয়ে আমি ভাবছি না। জয়ের জন্যই মাঠে নামবো।’
ফতুল্লার ম্যাচটি মূলত এগিয়ে যাওয়ার লড়াই। জাতীয় দলের সহঅধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের গাজী ট্যাংক ক্রিকেটার্স ও নাঈম ইসলামের কলাবাগান ক্রীড়াচক্র-উভয়েই একটি করে জয়ের সুবাদে দুটি করে পয়েন্ট পেয়েছে। তাই এদিন জিতলেই পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে দল দুটির সামনেই। গাজী ট্যাংকে মাহমুদুল্লাহ ছাড়াও আছেন ইমরুল কায়েস ও রকিবুল হাসানের মতো ব্যাটসম্যানরা। দুই ম্যাচে একটি হ্যাটট্রিকসহ ১১ উইকেট পাওয়া পেসার রুবেল হোসেনের উপরই থাকবে বোলিং আক্রমণের দায়িত্ব। বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছেন স্কট স্টাইরিশ ও কৌশল্য বীরারত্নে। পিছিয়ে নেই কলাবাগান ক্রীড়াচক্রও। সাকিব আল হাসানের অবর্তমানে অধিনায়কের দায়িত্ব পাওয়া অলরাউন্ডার নাঈম ইসলামের সাথে আছেন মিঠুন আলী, শাহাদাত হোসেন রাজীব ও সৈয়দ রাসেল। তিন শ্রীলংকান খেলোয়াড়-চামারা কাপুগেদারা, জিহান মোবারক ও সিন্থাকা ডি সিলভা’র দিকেও চোখ রাখতে হবে।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে পয়েন্ট তালিকার তলানিতে থাকা সিসিএসের। দুই ম্যাচে এক জয় পাওয়া প্রাইম ব্যাংকের পয়েন্ট দুই।
আ জ কে র ম্যা চ
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ব্রাদার্স ইউনিয়ন মিরপর
গাজী ট্যাংক ক্রিকেটার্স কলাবাগান ক্রীড়া চক্র ফতুল্লা
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ক্রিকেট কোচিং স্কুল বিকেএসপি-৩)