আয়োজক নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল: ব্ল্যাটার
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের দাবি কাতারকে ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাইয়ে দিতে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। তার মতে ফিফার যেসব সদস্যরা কাতারের পক্ষে ভোট দিয়েছিলেন, তারা ছিলেন ইউরোপের রাজনীতিবীদদের দ্বারা প্রভাবিত। কাতারকে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে নির্বাচিত করায় তোপের মুখে পড়া ব্ল্যাটার জার্মান ম্যাগাজিন দাই জেইতকে দেয়া এক সাক্ষাত্কারে একথা বলেন।
বিশ্বকাপের আয়োজক দেশ নির্বাচনে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ ছিল দাবী করে প্রায় ১৫ বছর ধরে ফিফা প্রধানের দায়িত্বে থাকা ব্ল্যাটার বলেন, ‘অবশ্যই সেখানে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। ইউরোপের শীর্ষ নেতারা তাদের ভোটাধিকারপ্রাপ্ত সদস্যদের বাধ্য করেছে কাতারকে ভোট দেয়ার জন্য। এর কারণটাও পরিষ্কার। ঐসব দেশের সাথে কাতারের অর্থনৈতিক স্বার্থ জড়িত।’
ব্ল্যাটারের ইঙ্গিতটা যে পরিষ্কারভাবেই উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির দিকে সেটা বোঝাই যাচ্ছে। এ বছরের শুরুতে প্লাতিনি প্রকাশ্যেই বলেছিলেন, বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে তার ভোট ছিল কাতারের বাক্সেই। প্লাতিনি অবশ্য বলেছিলেন, রাজনৈতিক কোন উদ্দেশ্য নয় বরং ফুটবল বিশ্বকাপকে মধ্যপ্রাচ্যে নিয়ে যেতেই এ কাজ করেছিলেন তিনি। তবে ভোটাভুটির ঠিক আগে তত্কালিন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজািকে সাথে নিয়ে কাতারের আমির শেখ হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছিলেন প্লাতিনি। আর কাতারের সঙ্গে ফ্রান্সের বানিজ্যিক সম্পর্কের বিষয়টিও সবারই জানা। প্লাতিনি এমন অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘কাতারকে ভোট দেয়ার বিনিময়ে ফ্রান্স কাতারের সঙ্গে বাণিজ্যিক সুবিধা পাবে এমন ধারণা গুজব ছাড়া আর কিছুই নয়। যারা এমনটা মনে করে সেই মিথ্যুকরাই কেবল মনে করে এমনটা।’
উল্লেখ্য, ব্ল্যাটারের চলতি মেয়াদ শেষ হলে উয়েফা সভাপতির পদ ছেড়ে দিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির সভাপতি পদের জন্য লড়বেন, এমন ঘোষণা আগেই দিয়েছিলেন প্লাতিনি। যদিও সমপ্রতি এই ফরাসি কিংবদন্তি জানিয়েছেন, ব্রাজিল বিশ্বকাপের পরই কেবল নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।