ব্রড-লেহম্যান তর্কযুদ্ধ চলছেই

অ্যাশেজ সিরিজ শেষ হয়েছে তিন সপ্তাহেরও বেশি। কিন্তু ‘ছাই’য়ের লড়াই তার উত্তাপ ছড়িয়ে যাচ্ছে এখনো। ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের সঙ্গে সিরিজ চলাকালীন শুরু হওয়া কথার লড়াই চালিয়েই যাচ্ছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেহম্যান। চুপ করে বসে নেই ব্রডও। লেহম্যানের ইটের জবাবে পাটকেল ছুঁড়ছেন তিনিও। সিরিজ শেষে পাঁচ টেস্ট নিয়ে পোস্টমর্টেম করে অজি কোচের দাবি, ‘বৃষ্টি ও আলো স্বল্পতার সমস্যা না হলে ওল্ড ট্রাফোর্ড ও ওভালের দুটি টেস্ট জিততো অসিরাই।’ লেহম্যানের এমন কথায় বেশ চটেছেন ব্রড। এই দীর্ঘদেহী পেসার বলেন, ‘লেহম্যান বললেন, বৃষ্টি ও আলো স্বল্পতা না হলে শেষ দুই টেস্ট অস্ট্রেলিয়াই জিততে পারতো। ফলে ৩-২ ব্যবধানে সিরিজটি শেষ করতো তারা। কিন্তু আমি বলছি, পুরোপুরি খেলা হলে ৩-২ ব্যবধান নয় ৫-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাতাম আমরা।’ তবে টেস্ট জয়ের ভালো সম্ভাবনা ছিল অস্ট্রেলিয়ার, এমন কথা বলতেও ভুল করেননি ব্রড, ‘ম্যাচের কোন মুহূর্তেই বলা সম্ভব নয়, ক্রিকেট খেলার ফল কোন দিকে যাচ্ছে। ফলটি সবসময় দু’দিকেই দুলতে থাকে। কোন সময় এক পক্ষের দিকে, আবার কোন সময় অন্য পক্ষের দিকে। তাই ক্রিকেটের ফল নিয়ে কোন কিছুই বলা যায় না। তবে এটা ঠিক ইংল্যান্ডে টেস্টে জয়ের ভালো সুযোগ ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু তারা কোনভাবেই টেস্ট জিততে পারতো না। কারণ পারফরম্যান্সের দিক দিয়ে তাদের চেয়ে আমরা অনেকাংশেই এগিয়ে ছিলাম।’ শত বছরের অ্যাশেজ ইতিহাসে এবারই প্রথমবারের অনুষ্ঠিত হতে যাচ্ছে টানা দুটি সিরিজ। লেহম্যানের সাথে কথার যুদ্ধের মাঝেও অ্যাশেজের পরবর্তী অংশ নিয়ে ভাবতে শুরু করেছেন ব্রড, ‘সহজেই দেশের মাটিতে অ্যাশেজ জিতলাম। এখন লক্ষ্য অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতা। তবে এটি অনেক বেশি কঠিন হবে। কারণ এবার আমরা সফরকারী হিসেবে খেলবো। আর অসিদের মাটিতে খেলাটা সবসময়ই কঠিন।’ ব্রিসবেনে আগামী ২১ নভেম্বর প্রথম টেস্টের মধ্য দিয়ে শুরু হবে ফিরতি অ্যাশেজ লড়াই।