ঢাকায় বিশুদ্ধ পানি সরবরাহে একনেকে প্রকল্প অনুমোদন

ঢাকা মহানগরীতে চাহিদা মাফিক বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ৫ হাজার ২৪৮ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইন্যাবল ওয়াটার সাপ্লাই’ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের গন্ধার্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপিত হবে। মেঘনা নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে পানি এনে এই প্লান্টে পরিশোধন করে ঢাকায় সরবরাহ করা হবে। প্রতিদিন ৫০ কোটি লিটার পানি প্লান্টে পরিশোধন করা যাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরান ঢাকা, মতিঝিল, পল্টন, ফকিরাপুল, উত্তরা, গুলশান, বনানী, নিকুঞ্জ, খিলক্ষেত, বাড্ডা ও মিরপুর এলাকায় পর্যাপ্ত পানি সরবরাহ হবে। প্রকল্পটি বাস্তবায়নে উন্নয়ন সহযোগী সংস্থা এডিবি, এএফডি (ফ্রান্স) এবং ইআইবি এর কাছ থেকে তিন হাজার ৪৯৯ কোটি টাকা পাওয়া যাবে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গতকাল প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভুঁইয়া শফিকুল ইসলাম জানান, গতকালের সভায় মোট ১১টি প্রকল্প অনুমোদন করা হয়। এতে ১৬ হাজার ২৬৫ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে ৯ হাজার ৮৫১ কোটি টাকা সরকারি তহবিল (জিওবি) ও ৬ হাজার ৪১৪ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ একনেক-এর অন্যান্য সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্প হল, ৩৩৬ কোটি টাকা ব্যয়ে এক্সটেনশন অব ন্যাশনাল ইন্সটিটিউট অব ট্রমাটোলজি এন্ড অর্থপেডিক রিহেবিলিটেশন প্রকল্প, ৩৫ কোটি টাকা ব্যয়ে খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উত্পাদন বৃদ্ধি প্রকল্প, ৫৩ কোটি টাকা ব্যয়ে বক্শীগঞ্জ-বালুগাঁও-দেওয়ানগঞ্জ সড়কে ৪টি সেতু নির্মাণ প্রকল্প, ২৮২ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের সিলেট ও বরিশাল মহানগরীতে পানি সরবরাহ, স্যানিটেশন ও ড্রেনেজ প্রকল্প, ২২৭ কোটি টাকা ব্যয়ে ৪টি টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপন (১ম সংশোধন) প্রকল্প, ৫৯৭ কোটি টাকা ব্যয়ে মেঘনাঘাট-আমিনবাজার ৪০০ কেভি সঞ্চালন লাইন (ফেইজ-১) (১ম সংশোধিত) প্রকল্প, ৫১১ কোটি টাকা ব্যয়ে ডিপিডিসি’র আওতাধীন উত্তর ও দক্ষিণ জোনের সঞ্চালন লাইন নির্মাণ ও সমপ্রসারণের প্রকল্প, ১৪৩৯ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় বিদ্যুত্ বিতরণ প্রকল্প এবং এবং ১৮৫১ কোটি টাকা ব্যয়ে নতুন একটি বিদ্যুত্ সাবস্টেশন নির্মাণ প্রকল্প।