বিমানের চেয়ারম্যানকে আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
রায় বাস্তবায়নের অঙ্গীকারে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামালউদ্দিন আহমেদ ও ক্যাপ্টেন ইমামুলকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে এ বিষয়ে আদালতে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হেসেনকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত বুধবার এই আদেশ দেন।
বাংলাদেশ বিমানে ভ্রমণের ক্ষেত্রে বিচারকদের বিজনেস ক্লাসের সুবিধা প্রদানের জন্য বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ২০১১ সালের দেয়া ঐ রায় এখনো বাস্তবায়ন করেনি বিমান কর্তৃপক্ষ। এই অভিযোগে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ গত পহেলা আগস্ট স্বতঃপ্রণোদিত হয়ে বিমানের চেয়ারম্যানসহ তিনজনকে তলব করেন। একইসঙ্গে রায় বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে।
হাইকোর্টের এই আদেশ মোতাবেক গত মঙ্গলবার আদালতে হাজিরা দেন বিমানের চেয়ারম্যানসহ তিন কর্মকর্তা। চেয়ারম্যানের পক্ষে অ্যাডভোকেট আনিসুল হক ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন দাখিল করেন। আদালত আবেদন মঞ্জুর করে চেয়ারম্যানকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রদান করেন। তবে বিমানের স্টেশন ম্যানেজার আলমগীর হোসেনকে অব্যাহতি দেয়নি আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট বিশ্বজিত রায়।