কানাডায় এসএনসি লাভালিনের সাবেক নির্বাহীর জামিন
সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা থেকে
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৬
পদ্মা সেতু দুর্নীতি মামলায় কানাডিয়ান কোম্পানি এসএনসি-লাভালিনের সাবেক জ্যেষ্ঠ নির্বাহী কেভিন ওয়ালেস আদালতে নিয়মিত হাজিরা দেয়ার শর্ত সাপেক্ষে গত বুধবার জামিন লাভ করেন। এর আগে গত মঙ্গলাবার তাকে গ্রেফতার করে কানাডিয়ান পুলিশ। কানাডিয়ান মাউন্টেড পুলিশ-আরসিএমপি একই মামলায় বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, এসএনসি-লাভালিনের জ্যেষ্ঠ নির্বাহী কেভিন ওয়ালেস এবং কানাডার নাগরিক জুলফিকার আলী ভূঁইয়াকে অভিযুক্ত করে। কানাডার ‘ফরেন ব্রাইবারি ল’ অনুযায়ী এই তিনজনকে অভিযুক্ত করা হলো। তা নিয়ে চলতি মামলা নুতন দিকে মোড় নিচ্ছে।
কানাডিয়ান এই র্নিমাতা প্রতিষ্ঠানের আরও দুই সাবেক কর্মকর্তা ভারতীয় বংশোদ্ভূত রমেশ শাহ ও বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসমাইলের অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পুলিশ।
আরসিএমপি সহকারী কমিশনার গিলেস মিচাউড জানান, কিছু দেশে ব্যবসায় করার ক্ষেত্রে ঘুষ লেনদেনকে এখনো স্বাভাবিকভাবে নেয়া হয়। যদিও ঘুষ লেনদেনে নৈতিক ও রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করে। এছাড়াও মোহাম্মদ ইসমাইল ৩ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করে ক্ষতিপূরণের দেওয়ানি মামলা করেছে রমেশ শাহ’র বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সাড়ে ৯টায় টরন্টোর অন্টারিও সুপিরিওর কোর্ট অব জাস্টিসে মামলার শুনানী অনষ্ঠিত হওয়ার কথা।