ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ বিএনপির

বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, হালনাগাদ ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম হয়েছে। এজন্য বর্তমান ‘আজ্ঞাবহ’ নির্বাচন কমিশনই দায়ী। গতকাল বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ২০০৮ সালের তুলনায় এবার নারী ভোটারের সংখ্যা ১৪ লাখ কম। গত জানুয়ারি মাসে নির্বাচন কমিশনের ওয়ার্কিং গ্রুপের এক অডিট থেকে দেখা গেছে, তালিকায় অন্তর্ভুক্ত ১৫ শতাংশ ভোটারের পরিচয়পত্র (আইডি) নম্বর ভুল। আইডি নম্বর ভুল থাকলে ভোটার তালিকা সঠিক হতে পারে না। রবিবার রংপুরের জনসভায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা করে কাজ করার আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সামনে জাভেদ আলী বলেন, ‘আমার মেরুদণ্ড সোজা, ডাক্তারও বলেননি কোনো সমস্যা আছে।’ জাভেদের এই আচরণ সম্পর্কে রিজভী বলেন, এ থেকে প্রমাণ হয়, বিরোধী দলীয় নেতার অভিযোগ সঠিক। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ কাজে দলীয় ব্যক্তিদের নিয়োগ করেছিল সরকার। একই ব্যক্তির একাধিক স্থানে ভোটার হওয়ার সংবাদও আমরা পত্রিকার মাধ্যমে পেয়েছি। সংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপির অর্থ সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন ও সাবেক এমপি আবুল হোসেন প্রমুখ।