রুপির পতনে বিশ হাজার রুপি গচ্চা ভারতীয় হাজীদের

ভারতীয় রুপির দরপতনে আগের চেয়ে কমপক্ষে ২০ হাজার রুপি বেশি গচ্চা দিতে হচ্ছে দেশটির হজ্বযাত্রীদের। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ একথা জানিয়েছেন। তিনি গতকাল এ প্রসঙ্গে বলেছেন, গত বছর ভারতের হজ্বযাত্রীরা ১ লাখ ৮০ হাজার রুপি জমা দিয়েছিলেন। কিন্তু এবার ভারতীয় মুদ্রার ব্যাপক দরপতনের কারণে তাদের কাছ থেকে ২ লাখ রুপি করে নেয়া হচ্ছে। হজ্বযাত্রার খরচ যথাসম্ভব কম রাখার চেষ্টা করেও এর চেয়ে নিচে নামা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন। খবর আইএএনএসের। সালমান খুরশীদ বলেন, এ বছর ভারত থেকে ব্যক্তিগত ভাবে যারা হজ্বে যাচ্ছেন তাদের আড়াই লাখ রুপির মতো খরচ হচ্ছে। রুপির দরপতনের কারণে কেবল বিমানভাড়া বাবদ বাড়ানো হয়েছে ৮ হাজার রুপি। বাড়তি খরচের কারণে আবেদন করে সুযোগ পেয়েও সাড়ে তিন হাজার মুসল্লি নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। মন্ত্রী বলেছেন, অপেক্ষমাণদের তালিকা থেকে এই কোটা পূরণ করা হবে। এ বছর ভারত থেকে ১ লাখ ৩৬ হাজার মুসল্লি হজ্ব করার সুযোগ পাবেন। ইতিমধ্যে ৩৮ হাজার জন সৌদিতে পৌঁছে গেছেন।